বরেণ্য রাজনীতিক তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক ইউনিয়ন যশোরের স্মরণসভা

0
বরেণ্য রাজনীতিক ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে প্রেসক্লাব যশোরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বরেণ্য রাজনীতিক তরিকুল ইসলাম-এর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে একটি স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে প্রেসক্লাব যশোরে এই কর্মসূচি পালিত হয়, যেখানে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

স্মরণসভার আলোচনা পর্বে বক্তারা তরিকুল ইসলামের স্মৃতিচারণ করে বলেন, তিনি সর্বদা পরমতসহিষ্ণু ও শান্তিপূর্ণ সহাবস্থানের রাজনীতি চর্চা করতেন এবং প্রকৃত দেশ ও জনগণের কল্যাণের জন্যই নিবেদিতপ্রাণ ছিলেন।

জীবদ্দশায় তাঁর কথাবার্তা বা কর্মকাণ্ডে কখনো ভিন্নমতকে আঘাত করা হয়নি। তাঁর রাজনৈতিক পথচলা কখনোই মসৃণ ছিল না; বহু কাঁটা বিছানো পথ ও চড়াই-উতরাই পেরিয়ে তিনি আমৃত্যু দেশ ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন।

দলমত কিংবা ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি সকলের জন্য একটি নিরাপদ যশোর উপহার দিয়েছিলেন। তিনি ছিলেন একাধারে একজন সৎ, নির্লোভ ও অহংকারমুক্ত মানুষ, যিনি যশোরের প্রতিটি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এস এম ফরহাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি ফকির শওকত, বর্তমান সম্পাদক নূর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম আইউব, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ এবং দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন প্রমুখ।

এছাড়া দোয়া মাহফিল ও স্মরণসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনসারুল হক রানাসহ স্থানীয় রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।