শেষ দিনে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

0
ঢাকা–১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, সেগুনবাগিচা, ঢাকা, ২৯ ডিসেম্বর ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ঢাকা-১৭ (গুলশান-বনানী-বারিধারা) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাঁর পক্ষে এই আবেদন জমা দেওয়া হয়।

তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

দলীয় সূত্র জানায়, দীর্ঘ ১৭ বছর পর গত শনিবার তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হন। ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের সময় তিনি লন্ডনে থাকায় তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটলে তিনি পৈতৃক এলাকা বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকার এই অভিজাত আসন থেকেও লড়াইয়ের সিদ্ধান্ত নেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আজই ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে তারেক রহমানের প্রার্থিতা তৃণমূল নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে। আজ সকাল থেকেই রাজধানীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ভিড় লক্ষ করা গেছে।