গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

0
গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থাকে সুদৃঢ় করার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে ৩৩ জেলা পরিষদের প্রশাসকদের দুর্নীতি এড়িয়ে প্রশাসনিক স্বচ্ছতা ও নাগরিক সেবা নিশ্চিতের নির্দেশ দেন তিনি।। ছবি: সংগৃহীত

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং আরও শক্তিশালী করতে হলে স্থানীয় সরকার ব্যবস্থাকে সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্থানীয় সরকারকে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হিসেবে অভিহিত করেন।

রোববার দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসকগণ রাষ্ট্রপতির সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বিষয়টি সাংবাদিকদের ব্রিফ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির বক্তব্যে প্রশাসনিক স্বচ্ছতা ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বিষয়টি উঠে আসে। অতীতে ফ্যাসিস্ট আমলের রেখে যাওয়া দুর্নীতি ও অনিয়ম থেকে পুরোপুরি বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি জেলা প্রশাসকদের সততা, সক্রিয়তা এবং সজাগ থেকে কাজ করার কড়া নির্দেশনা দেন। পাশাপাশি জেলা পরিষদগুলোর চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনা এবং স্থানীয় পর্যায়ে নিরবচ্ছিন্ন নাগরিক সেবা নিশ্চিত করার তাগিদ দেন।

বৈঠকে ৩৩টি জেলা পরিষদের প্রশাসকরা রাষ্ট্রপতির কাছে তাঁদের পদমর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক দাবি পেশ করেন। রাষ্ট্রপতি তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং আশ্বস্ত করে বলেন যে এই সরকার জনগণের সরকার, তাই বিদ্যমান সমস্যাগুলো নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। ক্ষমতা বিকেন্দ্রীকরণ নিশ্চিতের লক্ষ্যে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে বর্তমান সরকার গুরুত্বের সাথে কাজ করছে বলেও জানান তিনি।

এ ছাড়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং দীর্ঘকাল ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রামে জেলা পরিষদের প্রশাসকদের যে সক্রিয় ভূমিকা ও অংশগ্রহণ ছিল, সে কথা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।