ঝিনাইদহ মহাসড়ক উন্নীতকরণে ক্ষতিপূরণ ও নোটিশের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর-ঝিনাইদহ মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে নোটিশ প্রদান ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দিয়েছেন চুড়ামনকাটি বাজারের ব্যবসায়ী, দোকানদার ও কর্মচারীরা।

রোববার দুপুরে যশোরের কালেক্টরেট চত্বরে শতাধিক ব্যবসায়ী, কর্মচারী ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে প্রথমে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপিতে ব্যবসায়ীরা উল্লেখ করেন, যশোর-ঝিনাইদহ সড়ক ৬ লেনে উন্নীতকরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প। মহাসড়ক সম্প্রসারণের প্রয়োজনীয়তা উপলব্ধি করে তারা এই উন্নয়নের পক্ষেই অবস্থান নিচ্ছেন এবং এরই ধারাবাহিকতায় প্রকল্পে ৮ ধারার নোটিশ প্রদান শুরু হয়েছে। তবে এই প্রকল্প বাস্তবায়নের ফলে চুড়ামনকাটি বাজারের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান এবং সেখানে কর্মরত সহস্রাধিক কর্মচারী মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন।

ব্যবসায়ীদের অভিযোগ, সংশ্লিষ্ট অনেক দোকানদার ও ব্যবসায়ী এখনো কোনো লিখিত নোটিশ পাননি এবং তাদের আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বহু পরিবার জীবিকা নির্বাহ করে আসছে। যথাযথ নোটিশ, আলোচনা, ক্ষয়ক্ষতি মূল্যায়ন ও পুনর্বাসনের ব্যবস্থা না করে হঠাৎ উচ্ছেদ করা হলে শত শত পরিবার চরম আর্থিক সংকটে পড়বে এবং সহস্রাধিক কর্মচারী কর্মহীন হয়ে পড়বেন।

এমতাবস্থায়, উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীদের মানবিক ও আর্থিক স্বার্থ বিবেচনা করে আন্দোলনকারীরা ২ দফা দাবি জানান, চুড়ামনকাটি বাজারে যেসব ব্যবসায়ী ও দোকানদারকে এখনো নোটিশ দেওয়া হয়নি, দ্রুত তাদের নোটিশ প্রদান করে ক্ষতিপূরণের আওতায় আনা এবং যেকোনো ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনার আগেই সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মরত কর্মচারীদের উপযুক্ত খেসারত বা ক্ষতিপূরণ নিশ্চিত করা।