সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

0
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর প্লেনারি আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ডা. জুবাইদা রহমান।। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা সহজলভ্য করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

স্বাস্থ্যসেবাকে কোনো বিশেষ সুবিধা নয়, বরং মৌলিক মানবাধিকার উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রতিটি অঞ্চলের মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

আজ রোববার রাজধানীর নভোথিয়েটারের প্লেনারি হলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর এক বিশেষ প্লেনারি আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘হেলথ ইনোভেশন ফর অল: এক্সপান্ডিং অ্যাকসেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড ইনক্লুসিভ কেয়ার’ শীর্ষক এই আলোচনায় ডা. জুবাইদা রহমান দেশের আধুনিক চিকিৎসাসেবার চড়া ব্যয় এবং তৃণমূলের রোগীদের ভোগান্তির কথা তুলে ধরেন।

তিনি বলেন, রোগ জটিল হওয়ার আগেই তা নির্ণয় ও প্রতিরোধের ব্যবস্থা করা জরুরি। ডেঙ্গু কিংবা হামের মতো রোগের চিকিৎসার জন্য রোগীদের যেন দূর-দূরান্তে ছুটতে না হয়, সে জন্য প্রতিটি প্রাথমিক স্ক্রিনিং কর্মসূচির সাথে রোগ নির্ণয়, সঠিক পরামর্শ, চিকিৎসা ও ওষুধ সরবরাহের একটি সমন্বিত রেফারেল ব্যবস্থা গড়ে তুলতে হবে।

স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডা. জুবাইদা বলেন, প্রাথমিক ও কমিউনিটি স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করার পাশাপাশি ধীরে ধীরে স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ জিডিপির ৫ শতাংশে উন্নীত করা প্রয়োজন। বিশেষ করে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা একটি নতুন দিগন্ত উন্মোচন করবে, যেখানে নারীরা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। এই কর্মী বাহিনী মা ও শিশুর স্বাস্থ্য, স্বাস্থ্যশিক্ষা ও দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখবে। এর পাশাপাশি রক্তদান ও সংক্রামক রোগ প্রতিরোধে একটি জাতীয়ভাবে সমন্বিত ব্যবস্থার তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। অধ্যাপক এ কে আজাদ খান সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

এ ছাড়া প্যানেল আলোচনায় ডিজিডিএ-র মহাপরিচালক আলমগীর হোসেন, বাপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম মোসাদ্দেক হোসেন, টিএমএসএসের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. মতিউর রহমান, ডিজিডিএ-র পরিচালক ডা. মো. আকতার হোসেন, ইউনাইটেড হেলথকেয়ারের মেডিকেল সার্ভিসেস পরিচালক ডা. আজহারুল ইসলাম খান এবং এসকেজেন লিমিটেডের সিইও ডা. সাদাফ সাজ সিদ্দিকী অংশ নেন।