যশোরে আধুনিক ফিজিওথেরাপি কেন্দ্র হবে, জমি দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

0
যশোরে আধুনিক ফিজিওথেরাপি কেন্দ্র হবে

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোরে আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসাকেন্দ্র স্থাপনে জমি বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের উদ্যোগে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী সেবা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সনেট কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, ফিজিওথেরাপি এখন একটি বৃহৎ সেক্টর। এ বিষয়ে যারা অধ্যয়ন করছেন, তারা সেবার ব্রত নিয়ে মানবসেবায় নিজেদের আত্মনিয়োগ করবেন। ফিজিওথেরাপি খাতের আধুনিকায়ন, সার্বিক উন্নয়ন এবং প্রচার-প্রসারে প্রয়োজনীয় উদ্যোগের বিষয়ে সরকারকে অবহিত করা হবে।
একপর্যায়ে তিনি যশোর শহরে একটি আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসাকেন্দ্র স্থাপনে জমি বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন।
এনডিডি সেবাদান কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডা. মিল্লাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও সিভিল সার্জন মাসুদ রানা। বক্তব্য দেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, জেলা তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান, সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ‘প্রয়াস’ যশোর অঞ্চলের প্রতিনিধি।
এর আগে সকাল ১০টায় শহরের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে বিশেষায়িত ফিজিওথেরাপি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। যবিপ্রবির পিটিআর বিভাগের শিক্ষক ও বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টদের তত্ত্বাবধানে শতাধিক প্রতিবন্ধী এবং নিউরোলজিক্যাল ও মাস্কুলোস্কেলিটাল সমস্যায় আক্রান্ত রোগীকে বিনামূল্যে আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।
উল্লেখ্য, বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে গত ৭ সেপ্টেম্বর থেকে যবিপ্রবির পিটিআর বিভাগ সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল সচেতনতামূলক র‌্যালি, বৈজ্ঞানিক সেমিনার এবং ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে বিনামূল্যে সাধারণ ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা ক্যাম্প।