ঢাকার দুই সিটি নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করল এনসিপি

0
বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে ঢাকার দুই সিটি নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করছেন আহ্বায়ক নাহিদ ইসলাম।। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার বিকেলে রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির দলীয় কার্যালয়ে ঢাকার উভয় সিটির বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে এ তথ্য জানানো হয়। দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এই প্রার্থীর নাম প্রকাশ করেন।

সামনে আসা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত এই বিশেষ সভায় ওয়ার্ড পর্যায় পর্যন্ত দলের সাংগঠনিক প্রস্তুতি, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী নির্বাচন এবং মহানগরের তীব্র নাগরিক সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত দলীয় নেতাকর্মীদের সার্বিক দিকনির্দেশনা ও সাংগঠনিক প্রস্তুতি নিশ্চিত করার পরামর্শ প্রদান করেন।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারী।। ফাইল ছবি: সংগৃহীত

সভায় ঢাকার ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে তা নিয়ে আন্দোলন গড়ে তোলার প্রতি জোর দেওয়া হয়। এর পাশাপাশি জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা এবং তাঁদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পুনর্ব্যক্ত করা হয়েছে।

প্রার্থী ঘোষণার পাশাপাশি রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনাও দেন নেতারা। পতিত ও পলাতক আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সম্ভাব্য নাশকতামূলক তৎপরতার ওপর ওয়ার্ডভিত্তিক নজরদারি বাড়ানো এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়। সভায় এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।