যশোরে এনসিপির নতুন কমিটি, আনন্দ মিছিল

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন উপলক্ষে শহরে আনন্দ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে শহরের বকুলতলা জুলাই চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি দড়াটানা ও চৌরাস্তা হয়ে প্রেস ক্লাব যশোরের দিকে যায়। পরে সিভিল কোর্ট মোড়ে গিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

মিছিলে এনসিপির যশোর জেলা শাখার নতুন কমিটির নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাঁরা দলীয় বিভিন্ন স্লোগান দেন।

কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদিত তালিকা অনুযায়ী, যশোর জেলা এনসিপির আহ্বায়ক করা হয়েছে নূরজ্জামানকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ড. শহীদুল ইসলাম জাবির।

যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন শাহজাহান কবীর, আসাদুজ্জামান বাবুল, সোহেল রানা বাবু, বোরহান উদ্দিন, আবুল কাসেম, সোহানুর রহমান শাহীন, আব্দুল আলীম, আলী সোহেব, ইউসুফ আলী রিপন, আব্দুল্লাহ আল নাদিম ও জায়া জাকির।

এ ছাড়া মনিরুজ্জামানকে (আজাদ) সদস্যসচিব এবং ইঞ্জিনিয়ার আরিফ জামানকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। যুগ্ম সদস্যসচিব পদে রয়েছেন সাজিদ সারোয়ার, ফরহাদ হোসেন, মারুফ হাসান শুভ্র ও আসমা খাতুন।

কেন্দ্রীয় অনুমোদনপত্রে বলা হয়েছে, এটি একটি আংশিক আহ্বায়ক কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রে জমা দিতে হবে। এর আগে গত ৯ আগস্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনের মধ্য দিয়ে যশোর জেলা এনসিপির নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

আনন্দ মিছিল শেষে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে নতুন কমিটির নেতারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে যশোরে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।