শাহজালাল মাজারের দানবাক্স সিলগালার ৩ দিন পর ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

0
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। রোববার (২১ জুন) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ থাকলেও, তার বদলির সুনির্দিষ্ট কোনো কারণ সেখানে জানানো হয়নি।

প্রশাসনিক ও রাজনৈতিক মহলের ধারণা, সম্প্রতি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার ইস্যুতে ডিসি সারওয়ার আলমের নেওয়া কিছু উদ্যোগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১২ জুন তিনি মাজার পরিদর্শনে গিয়ে মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার তিনি মাজারের আগের দানবাক্সগুলো সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন করেন এবং মাজারের ঐতিহাসিক তিনটি দানের ডেগও সিলগালা করেন।

এই ঘটনাকে ঘিরে স্থানীয়ভাবে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। এক পক্ষ এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও, মাজার ভক্ত ও অনুসারীরা এর তীব্র প্রতিবাদ জানান। তাদের দাবি, প্রায় সাতশ বছরের মাজার পরিচালনা রীতি ও ঐতিহ্যকে ক্ষুণ্ণ করা হয়েছে। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে দানবাক্সে সিলগালা করা হয়েছে, এটা মোটেও সঠিক পদ্ধতি নয়। এটা মাজার ও অলি-আউলিয়াবিরোধী কর্মকাণ্ড।

দায়িত্ব থেকে প্রত্যাহারের বিষয়ে সারওয়ার আলম নিশ্চিত করলেও, এর কারণ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। বর্তমান প্রজ্ঞাপনে নতুন জেলা প্রশাসক হিসেবে কে স্থলাভিষিক্ত হবেন, তা এখনো জানা যায়নি।