২৭ বছর আত্মগোপনের পর এরশাদ শিকদারের সহযোগী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল গ্রেফতার

0
২৭ বছর আত্মগোপনের পর এরশাদ শিকদারের সহযোগী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল গ্রেফতার
গ্রেফতার জয়নাল শিকদার। এসআরবির দেওয়া ছবি- লোকসমাজ

খুলনা ব্যুরো, লোকসমাজ: খুলনায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা জয়নাল সরদার (৫৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, পরিচয় গোপন করে প্রায় ২৭ বছর ভারত ও কুয়েতে অবস্থানের পর শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি খুলনার আলোচিত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ছিলেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) ওয়ালিদ হাসান মিঠু এ তথ্য জানান।

গ্রেফতার জয়নাল সরদার বরিশালের গৌরনদী উপজেলার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।

এসআরবি জানায়, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জয়নাল সরদারের অবস্থান শনাক্ত করা হয়। পরে এসআরবি-৮ ও এসআরবি-৬-এর একটি যৌথ দল খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, জয়নাল সরদারের বিরুদ্ধে ১৯৯৯ সালে খুলনার রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটির বিচার শেষে আদালত তাকে হত্যার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এ ছাড়া লাশ গুমের অভিযোগে একই মামলায় তাকে পৃথকভাবে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘদিন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল বলে জানিয়েছে এসআরবি।

এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু বলেন, গ্রেফতার জয়নাল সরদার অতীতে খুলনার আলোচিত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ছিলেন বলে তথ্য রয়েছে। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।