মহেশপুর সীমান্তে বিজিবির বাধায় বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ

0

ঝিনাইদহ সংবাদদাতা, লোকসমাজ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে এক অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির টহলদলের বাধায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে মহেশপুর উপজেলার খোশালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৯৮-আর সংলগ্ন গেট দিয়ে এ ঘটনা ঘটে।

৫৮ বিজিবি (মহেশপুর ব্যাটালিয়ন) জানায়, ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের সদস্যরা এক অজ্ঞাতনামা পুরুষকে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। এ সময় খোশালপুর বিওপির টহলদলের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত সীমান্তে অবস্থান নেন এবং ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশে বাধা দেন।

বিজিবির সদস্যদের তৎপরতায় বিএসএফের ওই চেষ্টা সফল হয়নি। পরে ওই ব্যক্তি ভারতের অভ্যন্তরে কাঁটাতারের কাছাকাছি অবস্থান করেন বলে জানিয়েছে বিজিবি। বিষয়টি ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত সুরক্ষা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির টহল ও তৎপরতা অব্যাহত রয়েছে।