স্টার জুট মিলস সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গাজী লুৎফরকে অব্যাহতি

নতুন দায়িত্ব পেলেন নীলুফার ইয়াসমিন

0

খুলনা ব্যুরো, লোকসমাজ: খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহলে অবস্থিত বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি) নিয়ন্ত্রিত স্টার জুট মিলস সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গাজী লুৎফর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক নীলুফার ইয়াসমিনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিজেএমসি প্রধান কার্যালয়ের স্মারক নং- ২৮.০৪.০০০০.২০০.৩০.১০২.২২-৫৪৩ (তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৬) এবং স্টার জুট মিলস লিমিটেডের প্রকল্প প্রধান মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত দপ্তর আদেশ (তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬) অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

সংশ্লিষ্ট নথি সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের লক্ষ্যে পদ সৃজনসংক্রান্ত কাগজপত্র পর্যালোচনার সময় গাজী লুৎফর রহমানের পদোন্নতি ও নিয়োগসংক্রান্ত কিছু অসঙ্গতির বিষয় সামনে আসে।

বিজেএমসির গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, গাজী লুৎফর রহমান ২০০১ সালে ১৬তম গ্রেডে বিদ্যালয়ের প্রাথমিক শাখায় জুনিয়র শিক্ষক হিসেবে যোগদান করেন। পরে ২০১০ সালে তাঁকে মাধ্যমিক শাখায় স্থানান্তর করে ১৬তম গ্রেড থেকে ১০ম গ্রেডে বেতন-ভাতা নির্ধারণ করা হয়। তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, এ পদক্ষেপের ক্ষেত্রে বিজেএমসির বোর্ড সভা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের তথ্য পাওয়া যায়নি।

বিজেএমসি ও স্টার জুট মিলস কর্তৃপক্ষ জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ এবং বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্টার জুট মিলসের প্রকল্প প্রধান (জিএম) মো. আবুল কালাম আজাদ বলেন, “গাজী লুৎফর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিজেএমসির নির্দেশনা অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। চিঠিতে এ বিষয়ে এর বাইরে অন্য কোনো সিদ্ধান্ত উল্লেখ নেই।”