শালিখায় দু’পক্ষের সংঘর্ষে আহত বাকপ্রতিবন্ধী যুবক সুলতানের মৃত্যু

0
মাগুরার শালিখায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত বাকপ্রতিবন্ধী যুবক সুলতান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।। ছবি: সংগৃহীত

শহিদুজ্জামান চাঁদ, শালিখা (মাগুরা)॥ মাগুরার শালিখায় আধিপত্য বিস্তার ও মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত বাকপ্রতিবন্ধী যুবক সুলতান মোল্লা (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার দুপুরে উপজেলার সিংড়া বাজারের মোটর শ্রমিক অফিসে পার্শ্ববর্তী বলাই নাঘোসা গ্রামের জাফর মোল্লা ও সামসু মেম্বরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জাফর মোল্লার সমর্থক বাকপ্রতিবন্ধী সুলতান মোল্লাসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সুলতান মোল্লার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

এদিকে সুলতান মোল্লার মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। যেকোনো সময় ভাঙচুর লুটপাট এর ঘটনা ঘটতে পারে বলে এলাকার সচেতন মহল জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শালিখা থানার পরিদর্শক (ইন্সপেক্টর) দেবব্রত রায় জানান, সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।