শ্রীপুরে অতিরিক্ত দামে ডিএপি সার বিক্রি, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

0
শ্রীপুরে অতিরিক্ত দামে ডিএপি সার বিক্রি, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা, লোকসমাজ : মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল পুরাতন বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে এক বিএডিসি সার ও বীজ ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা কৃষি বিপণন অফিসের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, নাকোল পুরাতন বাজারের মেসার্স মা ট্রেডার্স নামের প্রতিষ্ঠানটি পূর্বে সতর্ক করার পরও বিভিন্ন ধরনের সার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে তদারকি চালিয়ে দেখা যায়, ১ হাজার ৫০ টাকা নির্ধারিত মূল্যের ডিএপি সার ১ হাজার ৪৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। অর্থাৎ প্রতি বস্তায় অতিরিক্ত ৪০০ টাকা আদায় করা হচ্ছিল।

এছাড়া প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ বীজ, কীটনাশক এবং ক্ষতিগ্রস্ত (ড্যামেজ) পণ্যের প্যাকেট খুলে খোলা বাজারে বিক্রিরও প্রমাণ পাওয়া যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, একাধিকবার সতর্ক করার পরও প্রতিষ্ঠানটি কৃষকদের সঙ্গে প্রতারণামূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছিল।

এসব অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটির মালিক লিটন সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে বাজারের অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানও তদারকি করা হয়। ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করার জন্য সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং মাগুরা জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।