শালিখায় গঙ্গাদেবীর পূজা ও মেলা অনুষ্ঠিত

0
ছবি: সংগৃহীত।

শালিখা (মাগুরা)সংবাদদাতা॥ শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের চুকিনগর ফটকি নদীর গঙ্গাঘাটে গঙ্গাদেবী পূজা ও গঙ্গাস্নান উপলক্ষে দিনব্যাপী গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার এ মেলা হয়।

স্থানীয়রা জানান, ৫০০ বছর আগে থেকে এখানো শ্রী শ্রী গঙ্গাদেবীর পূজা গঙ্গাস্নান হচ্ছে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী তিথিতে সুবিশাল বটমূলে শ্রী শ্রী গঙ্গা দেবীর পূজা ও বারাঙ্গা খাল ফটকি নদীর সঙ্গমস্থলে বার্ষিক গঙ্গাস্নান হয়। বসে গ্রামীণ মেলা। এ বছরও বসে মেলা। চুকিনগর গঙ্গা মন্দির কমিটি এ মেলার আয়োজন করে।

বুধবার ভোর থেকে ভক্তরা হাতে বেলপাতা, ফুল, ধান, দুর্বাসহ বিভিন্ন উপকরণ গঙ্গার বুকে অর্পণ করে স্নান করেন।গঙ্গাস্নানে উপজেলার বিভিন্ন গ্রাম ও ইউনিয়ন ছাড়াও পাশের জেলা- উপজেলা থেকে অনেক পুণ্যার্থীরা অংশগ্রহণ করেন।

উপজেলার আলুকদীয়া গ্রামের সুনেন্দু বিশ্বাস ও তার সহধর্মিনী শিপ্রা বিশ্বাস বলেন, আমরা প্রতিবছর এখানে গঙ্গাস্নান করতে আসি। এখানে স্নান করতে বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসেন। মূলত বিশ্বশান্তি ও পাপাচার থেকে মুক্ত হতেই গঙ্গাস্নান করা হয়। এখানে গঙ্গাস্নান উপলক্ষে মেলা বসে। আমরা প্রতিবছর এই গঙ্গাস্নানে আসি।

চুকিনগর গঙ্গাঘাট মন্দির কমিটির সভাপতি পরিমল কুমার মন্ডল বলেন, এই গঙ্গাস্নান বাংলা সন ১৯৬২ থেকে চলে আসছে। প্রতি বছর এখানে গঙ্গাস্নান ও মানসিক পূজা অনুষ্ঠিত হয়। গঙ্গাস্নানকে কেন্দ্র করে মেলা বসে। ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে মেলা।

গঙ্গাস্নান কমিটির আয়োজক রাজিব মন্ডল বলেন, মেলায় মাটির তৈরি কুমারের হরেক রকমের হাড়ি,পাতিল,পুতুল,হাতি, ঘোড়া, গরুসহ বিভিন্ন রকমের দ্রব্য মেলায় আগত ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে। মেলায় নাগরদোলা থেকে শুরু করে কামারের তৈরি দা,বটি,কুড়াল, কুদাল, ছুরিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্যে সাজিয়ে বসেন দোকানিরা।