মিরপুরে যুবদল কর্মী হত্যায় শালিখা থেকে ভাড়াটে খুনি জিয়া পাটোয়ারী আটক

0
ছবি: সংগৃহীত।

শহীদুজ্জামান চাঁদ, শালিখা (মাগুরা)॥ ঢাকার মিরপুর-১৩ এলাকায় যুবদল কর্মী ইউসুফ আলী পারভেজ (৪৫) হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে শালিখা থেকে জিয়াউর রহমান জিয়া পাটোয়ারী নামে এক ভাড়াটে খুনিকে আটক করেছে পুলিশ। কিলার জিয়াউর রহমান জিয়া মাগুরার শালিখা উপজেলার শতখালী গ্রামের আনোয়ারুল পাটোয়ারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুর বাসার পাশের একটি চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয়। এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই নিহত হন ইউসুফ আলী পারভেজ।এই হামলায় চারজন যুবক অংশ নেয়। এদের মধ্যে চঞ্চল নামে একজনকে স্থানীয়রা ধাওয়া করে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই মাসুদ রানা শনিবার সকালে কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে তার ভাই হামলার মূল টার্গেট ছিলেন না। তিনি হাফিজুল ইসলাম বাবুর সঙ্গে চলতেন বলে বাদী মাসুদ রানা জানিয়েছেন।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হয়, অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। আটক চঞ্চলের স্বীকারোক্তির ভিত্তিতে জানা গেছে, হামলায় অংশ নিতে মাগুরা-ঝিনাইদহ অঞ্চল থেকে চারজনকে ভাড়া করা হয়েছিল। তার দেওয়া সেই তথ্যের সূত্র ধরেই শনিবার রাতে মাগুরার শালিখা উপজেলার শতখালী গ্রাম থেকে ভাড়াটে খুনি জিয়াউর রহমান জিয়া ওরফে রাজু পাটোয়ারীকে আটক করা হয়। শালিখা থানা পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জিয়াউর রহমান জিয়া পাটোয়ারী এলাকায় অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত। এরআগে ২০১৪ সালে শালিখার শতখালী এলাকার বাহির মল্লিকা খালপাড়ে নসিমনচালক আব্বাসকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছিলেন কিলার জিয়াউর রহমান জিয়া পাটোয়ারী। সেই মামলায় জড়িত থাকায় তিনি দীর্ঘদিন কারাভোগ করেন। পরে জামিনে মুক্তি পেয়ে এসে তিনি দেশের বিভিন্ন এলাকায় টাকার বিনিময় ভাড়াটে কিলার হিসেবে কাজ করে আসছিলেন বলে একটি সূত্রে জানা যায়।

এদিকে কিলার জিয়াউর রহমান জিয়া ওরফে রাজু পাটোয়ারী জামিনে মুক্তি পেয়ে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম ভাঙ্গিয়ে প্রভাব বিস্তার করে চলছিলেন। গোপন সূত্রে জানা যায়, ভাড়াটে খুনি জিয়াউর রহমান জিয়া পাটোয়ারীর সাথে জড়িত আরো কয়েকজন ভাড়াটে খুনি শতখালী গ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় রয়েছে। এরা আইনের চোখ ফাঁকি দিয়ে ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

শালিখা থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান শতখালী গ্রাম থেকে জিয়াউর রহমান জিয়া ওরফে রাজু পাটোয়ারীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।