শার্শায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ এইচএসসি পরীক্ষার্থী হতাহত

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শায় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এইচএসসি পরীক্ষার্থীর একজন নিহত ও অপরজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাড়াতলা তেবাড়িয়া নামক স্থানে। নিহত মাহিদ হাসান (১৯) ইপজেলার বেলতা গ্রামের প্রবাসী মো. রব্বানীর ছেলে। আহত নিয়াজ আহম্মেদ (১৯) শিববাস গ্রামের বিপুল হোসেনের ছেলে। হতাহত দুজন শার্শার পাকশিয়া আইডিয়াল কলেজের এইচএসসি (ভকেশনাল) বিএম শাখার পরীক্ষার্থী।
স্থানীয়রা জানিয়েছেন, চলতি ২০২৩ সালের পাকশিয়া আইডিয়াল কলেজ থেকে এইচএসসি (ভকেশনাল) বিএম শাখার পরীক্ষার্থী দুই বন্ধু গতকাল সকালে মোটরসাইকেলে নাভারণ ডিগ্রি কলেজে পরীক্ষা দিতে গিয়েছিলেন। পরীক্ষা শেষে তারা বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেল চালক নিয়াজ আহম্মেদ নাভারণ কাশিপুর সড়কের শার্শার সাড়াতলা তেবাড়িয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি মেহগনি গাছে ধাক্কা দেয়। এ ঘটনায় তারা দুজনেই মারাত্মক আহত হন। স্থানীয়রা আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় জরুরি বিভাগের চিকিৎসক মাহিদ হাসানকে মৃত ঘোষণা করেন। অপরদিকে চালক নিয়াজ আহম্মেদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।