আজ উদযাপিত হচ্ছে শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলি

0
অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয়ের প্রত্যাশায় আজ বর্ণিল আয়োজন, প্রদীপ প্রজ্বালন এবং দেবীর আরাধনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলি।। প্রতীক ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির বিজয়ের প্রত্যাশায় আজ রোববার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দীপাবলি ও শ্রীশ্রী শ্যামাপূজা উদযাপিত হচ্ছে। দেবী শ্যামার আরাধনা, প্রদীপ প্রজ্বালন ও বর্ণিল আলোকসজ্জায় উৎসবমুখর হয়ে উঠেছে যশোরের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দেবী শ্যামা বা কালীর পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু পুরাণমতে, কালী দেবী দুর্গারই একটি শক্তি এবং সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। অন্ধকার দূর করে আলোর বার্তা ছড়িয়ে দেওয়ার প্রতীক হিসেবে দীপাবলি উদযাপিত হয় এবং শনিবার চতুর্দশী তিথিতে ঘরে ঘরে প্রদীপ প্রজ্বালন করা হয়।

নবযুগ পঞ্জিকা অনুযায়ী, আজ রোববার বেলা ১১টা ১৭ মিনিটে অমাবস্যা তিথি শুরু হয়েছে, যা থাকবে আগামীকাল সোমবার বেলা ১১টা ৫৬ মিনিট ১৭ সেকেন্ড পর্যন্ত। শাস্ত্রীয় বিধান অনুযায়ী অমাবস্যার নিশিথকালে শ্যামাপূজার মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে এবং পূজা শেষে সোমবার সকালে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। অনেক পরিবারে একই সঙ্গে শ্রীশ্রী লক্ষ্মী ও অলক্ষ্মীপূজাও অনুষ্ঠিত হচ্ছে।

যশোর শহর ও এর আশপাশের এলাকায় সার্বজনীন ও ব্যক্তিগত উদ্যোগে শত শত মন্দির ও মণ্ডপে শ্যামাপূজা উদযাপিত হচ্ছে। পৌর এলাকার রামকৃষ্ণ আশ্রম ও মিশন, নীলগঞ্জ মহাশ্মশান মন্দির, সিদ্ধেশ্বরী কালীমন্দির, পুরোনো কালীবাড়ী মন্দির, মাড়ুয়া মন্দির, বেজপাড়া পূজা সমিতি মন্দির, টিবি ক্লিনিক সার্বজনীন পূজা কমিটিসহ বিভিন্ন মণ্ডপে প্রতিমা নির্মাণ, নান্দনিক তোরণ এবং বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে।

পূজা থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মণ্ডপগুলোতে দর্শনার্থীদের ভিড় থাকবে। পাশাপাশি বিভিন্ন মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে এবং দর্শনার্থীদের নিরাপত্তায় প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

এদিকে, আজ সন্ধ্যায় যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ক্যাম্পাসে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে আলোক উৎসবের আয়োজন করা হয়েছে।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্দিরেও একই ভাবগাম্ভীর্য ও উদ্দীপনার মধ্য দিয়ে শ্যামাপূজা উদযাপিত হচ্ছে। ধর্মীয় গণ্ডি পেরিয়ে প্রদীপের আলো ও মানুষের অংশগ্রহণে এই উৎসব আজ এক অসাম্প্রদায়িক মিলনমেলায় রূপ নিয়েছে।