নড়াইলে বিনামূল্যে শতাধিক সুবিধাবঞ্চিত শিশু পেল ঈদের নতুন পোশাক

0

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইলে বিনামূল্যে ঈদের নতুন পোশাক পেয়ে উচ্ছ্বসিত শতাধিক শিশু। শনিবার (১৫ এপ্রিল) শহরের রুপগঞ্জে সুবিধাবঞ্চিত ১২০টি শিশুকে নতুন জামা-কাপড় দেয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, আওয়ামী লীগ নেতা হাফিজ খান মিলন, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মীর্জা গালিব সতেজ, সাধারণ সম্পাদক এস.এম শাহ পরান প্রমুখ।
সরেজমিনে দেখা যায়, রুপগঞ্জে মুস্তারী কমপ্লেক্সের একটি দোকানে সাজানো হয়েছে শতাধিক নতুন জামাসহ ঈদ সামগ্রী। এর মধ্যে শিশুরা দলে দলে বা মা-বাবাকে নিয়ে এসে এখানে উপস্থিত হয়েছে। সকলেই স্টল ঘুরে নিজের পছন্দের জামা-কাপড় বিনামূল্যে নিচ্ছে। নতুন জামাসহ ঈদ সামগ্রী পেয়ে আনন্দিত এসব শিশুর অনেকে সেখানেই সেই নতুন জামা পরিধান করে আনন্দ-উৎসাহ প্রকাশ করছে। স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মীর্জা গালিব সতেজ বলেন, ঈদের আনন্দ সবার জন্য, সেটি যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে,তাই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত অসহায়,ছিন্নমূল,অটিজম,এতিম ছোট বাচ্চাদের মুখের এই হাসি দেখার জন্যই আমাদের এমন উদ্যোগ বলে তিনি জানান।