মনিরামপুরে খাটুরা বাঁওড় দখলের প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার, লোকসমাজ ॥ যশোরের মণিরামপুর উপজেলার খাটুরা বাঁওড় অবৈধভাবে দখলে রাখার অভিযোগে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি দিয়েছেন বাঁওড়টির মৎস্যজীবী সমিতির সদস্যরা।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে খাটুরা বাঁওড় মৎস্যজীবী সমিতির কোষাধ্যক্ষ আলতাব হোসেনের সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে সমিতির সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন। এ সময় তারা ‘মাছ ধরার অনুমতি দাও, নইলে আমাদের বিষ দাও’, ‘জাল যার, জল তার’ এমন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন।

সমিতির নেতারা জানান, ইজারার মাধ্যমে খাটুরা বাঁওড় মৎস্যজীবী সমিতির ১০১ জন সদস্য বাঁওড়টি পরিচালনা করে আসছিলেন। ৫ আগস্টের পর স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক বাঁওড়টি দখলের চেষ্টা করেন। সর্বশেষ গত এপ্রিল থেকে তিনি লোকজন নিয়ে বাঁওড়টি পুরোপুরি দখলে নিয়েছেন বলে অভিযোগ করেন তারা।

সমিতির সদস্যরা বাঁওড়ে মাছ ধরতে গেলে চেয়ারম্যানের লোকজন তাদের হামলা, মামলা ও হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন নেতারা।

তারা আরও বলেন, সমিতির প্রকৃত সদস্যরা বাঁওড়ে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করেন। দীর্ঘদিন ধরে মাছ ধরতে না পারায় তারা মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় চলতি মৌসুমে বাঁওড় থেকে মাছ আহরণের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।

বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মমতাজ বেগমের কাছে স্মারকলিপি দেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।