শার্শায় ভাটা মালিকদের ৩৫ ফুট গভীর করে ফসলি জমির মাটি কর্তন : পাশের জমি ধসে পড়ার শঙ্কা

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শা উপজেলার যদুনাথপুর (হাড়ীখালী) গ্রামে তিন ফসলি জমি থেকে প্রায় ৩৫ ফুট গভীর মাটি কাটায় পাশের জমি ধসে পড়ার অভিযোগ উঠেছে। ক্ষতি হচ্ছে জমির ফসল। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ক্ষতিপূরণ দাবি করে ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর গণস্বাক্ষর করে লিখিত অভিযোগ দিয়েছেন।
কৃষকদের লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার উলাশীর পানবুড়ি ও কুচেমোড়া নামক স্থানে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের পাশে একাধিক ইটের ভাটা গড়ে উঠেছে। ভাটা মালিকেরা স্থানীয় প্রভাবশালী মাটি ব্যবসায়ীদের মাধ্যমে মাটি সংগ্রহ করেন। মাটি ব্যবসায়ীরা অর্থের প্রলোভন দেখিয়ে উচুঁ নিচু ফসলি জমি সমান করার কথা বলে জমির উপরিভাগের উর্বর মাটি আধাফুট বা এক ফুট করে কাটার কথা বলেন। পরে জোর করে ওই জমি থেকে ২/৩ ফুট গভীর করে মাটি কেটে নেয় । যে কারণে মাটি কাটা ওই জমিতে আর ভালো ফসল ফলে না। এই সুযোগে ভাটা মালিকেরা ওই জমি স্বল্পমূল্যে ক্রয় করার প্রস্তাব দেন। কৃষক উপায় না পেয়ে বাধ্য হয়ে মাটি কাটা জমি ভাটা মালিকের কাছে বিক্রি করতে বাধ্য হন।
কৃষকের জমি কেনার পর এস্কেভেটর মেশিন দিয়ে ইচ্ছেমতো ৩০/৩৫ ফুট গভীর করে মাটি কেটে ট্রাক্টরে করে ভাটায় নিয়ে যান। গভীর ভাবে মাটি কাটার ফলে ক্ষতি হচ্ছে পার্শ্ববর্তী ফসলি জমি।
এ ব্যাপারের যদুনাথপুর (হাড়িখালী) গ্রামের কৃষক সোহেল রানা সুমন, সফিকুল ইসলাম, মারুফ হোসেন, মোস্তাফিজুর রহমান ফিজু, ডাক্তার ফারুক হোসেন, সোলাইমান হোসেনসহ একাধিক কৃষক বলেন,পাশ থেকে ৩০/৩৫ ফুট গভীর করে মাটি কাটার ফলে তাদের জমি ধসে নষ্ট হচ্ছে। একাধিক বার সেচ দিলেও জমিতে পানি থাকছে না। তারা বলেন তাদের গ্রামের সবুজ মাস্টার, সুলতান হোসেন, কালাম সরদার, ছাত্তার সরদারসহ কয়েকজন ব্যক্তি তাদের জমির মাটি কেটে নেওয়ার পর ওই জমি স্থানীয় প্রভাবশালী পানবুড়ি ভাটার মালিকের কাছে বিক্রি করে দিয়েছেন।
এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া তিনি ৩ ফসলি কোনো জমি থেকে মাটি না কাটার জন্য সকল ভাটা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।