শার্শায় বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

0
ছবি: সংগৃহীত।

বেনাপোল সংবাদদাতা ॥ মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলার ৩ নম্বর বাহাদুরপুর ইউনিয়নে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ১১টায় বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া ঈদগাহ মোড় থেকে ধান্যখোলা মাদ্রাসা পর্যন্ত সড়কের দুই পাশে ২০০টি উন্নতমানের তাল ও নারিকেল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির নিজস্ব অর্থায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধন করেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ নুরুজ্জামান লিটন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু মহান স্বাধীনতার ঘোষকই নন, তিনি দেশের কৃষি, পরিবেশ ও গ্রামীণ উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রেখেছেন। তাঁর শাসনামলে খাল খনন, ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি এবং কৃষকদের উন্নয়নে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছিল।

তিনি বলেন, পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সারা দেশে নেতাকর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছেন। প্রত্যেক নেতাকর্মীকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে।

তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, গাছকে বাঁচিয়ে রাখাও সমান গুরুত্বপূর্ণ। গরু-ছাগল বা অন্য কোনো কারণে যাতে চারা নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বাহাদুরপুর ইউনিয়নে নেওয়া এ উদ্যোগ অন্য ইউনিয়নের নেতাদেরও অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজক ও বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি নিজস্ব অর্থায়নে এ কর্মসূচির উদ্যোগ নিয়েছেন। তাঁর লক্ষ্য শুধু গাছ লাগানো নয়, প্রতিটি চারাকে বড় করে পরিবেশের জন্য সম্পদে পরিণত করা। পরিবেশ রক্ষা একটি সামাজিক দায়িত্ব উল্লেখ করে তিনি এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ কামনা করেন।

ছবি: সংগৃহীত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, জেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাফা উদ্দিন খান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শাহীন আলম খান, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু, বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিংকন মেম্বার, বোয়ালিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুস আলী, শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, মহিলা দলের নেত্রী ও সাবেক মহিলা মেম্বার চায়না খাতুনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় শত শত গাছের চারা রোপণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।