শার্শায় নারীকে পিটিয়ে হত্যা

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের শার্শা উপজেলার আমলাই গ্রামে সোনাভান নামে ৪২ বছর বয়সী স্বামী পরিত্যাক্তা নারী খুন হয়েছেন। লাঠির আঘাতে তাকে খুন করা হয়। তিনি ওই গ্রামের মৃত মফিজ উদ্দীনের মেয়ে। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে তিনি খুন হন। শার্শা থানা পুলিশ রাতেই সোনাভানের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশ লাশের পাশে পড়ে থাকা একটি মেহগনির ডাল আলামত হিসেবে জব্দ করেছে। পুলিশের ধারণা লাঠির আঘাতে সোনাভানকে হত্যা করা হয়ছে।
গ্রামবাসী জানান, পরকীয়া ও সুদের টাকা লেনদেন সংক্রান্ত বিষয়ে খুন হতে পারেন সোনাভান। এই দুটি বিষয়ই খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ জানায়, স্বামী পরিত্যক্তা সোনাভান আমলাই গ্রামে মাঠের ধারে নিজ বাড়িতে ২০ বছর বয়সী বাক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বসবাস করতেন। ঘটনার দিন রাতে তিনি বাড়ির আঙিনায় বসে মাছ কাটছিলেন। এ সময় কেউ একজন পেছন দিক থেকে এসে লাঠি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাকপ্রতিবন্ধী ছেলের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ঘাতক পালিয়ে যায়।
স্থানীয়রা পুলিশে খবর দিলে রাতেই পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্যে তার প্রাক্তন স্বামী আব্দুর রশিদকে পুলিশি হেফাজতে নেয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আকিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়ছে। প্রাথমিক জিজ্ঞাসাদের জন্যে তার প্রাক্তন স্বামী আব্দুর রশিদকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।