মাদকাসক্তের কান্ড : আকস্মিক ছুরিকাঘাতে নিহত ১ আহত ৪

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটে মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে মো. রফিক খান(৪০) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। ওই যুবকের এলোপাথাড়ি ছুড়িকাঘাতে আহত হয়েছেন আরও ৪ জন।  রোববার (১১ জুন) বিকেল ৩ টার দিকে চিতলমারী উপজেলা সদরের স্টিল ব্রিজ সংলগ্ন চৌরাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে ঘটনার পরপরই ওই এলাকা থেকে ছুরিকাঘাতকারী মাদকাসক্ত সম্রাট শেখ (২২)-কে গ্রেফতার করেছে পুলিশ। ছুরিকাঘাতকারী সম্রাট শেখ চিতলমারী উপজেলার আড়ুয়াবর্নী গ্রামের আকরাম শেখের ছেলে।
হতাহতের খবর পেয়ে বাগেরহাটে পুলিশ সুপার কেএম আরিফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত মো. রফিক খান একই উপজেলার পাটরপাড়া গ্রামের গাউস খানের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক। আহতরা হলেন, আড়ুয়াবর্নি চরপাড়া এলাকার মতিয়ার রহমান শেখের ছেলে রায়হান শেখ(২৭), পাটরপাড়া এলাকার আলমগীরের ছেলে তানভির(২৪), হিজলা এলাকার কবির মোল্লার ছেলে আবু সাঈদ(২৪) এবং কচুয়া উপজেলার ধোপাখালি, আমিনুর রহমান (২৫)। এদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় রায়হানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী নাজমুল মোল্লা বলেন, হঠাৎ করেই দেখি সম্রাট দৌড়ে এসে যাকে সামনে পাচ্ছে তাকে ছুরি মারছে। সাথে আজেবাজে কথা বলছে। ভয়ে কেউ সম্রাটের কাছে যাচ্ছিল না। একপর্যায়ে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ এসে সম্রাটকে গ্রেফতার করে। এর মধ্যেই সম্রাটের ছুড়িকাঘাতে ৫জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এর ভেতর ইজিবাইক চালক রফিক খানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাগেরহাটে পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, ঘটনাস্থল থেকে মাদকাসক্ত মানষিক ভারসাম্যহীন ঘাতক সম্রাট শেখকে গ্রেফতার করা হয়েছে। কি কারণে তিনি ছুরিকাঘাত করেছেন তা জানার চেষ্টা চলছে। এর সাথে অন্য কোন বিষয় জড়িত রয়েছে কি না তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।