শহীদ জিয়াউর রহমানের সততা ছিল প্রশ্নাতীত ও তুলনাহীন : নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জিয়াউর রহমান সাম্রাজ্যবাদী এবং বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে একটি রাজনৈতিক প্লাটফর্ম তৈরি করতে চেয়েছিলেন। তিনি একদলীয় বাকশালকে হটিয়ে এবং সামরিক শাসন উঠিয়ে গণতন্ত্র প্রবর্তন করেছিলেন।

জিয়াউর রহমান সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে মুক্তবাজার অর্থনীতি চালু করেন, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করে। তিনি মাইলের পর মাইল গ্রামে হেঁটে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা উপলব্ধি করতেন এবং সে অনুযায়ী সমাধানের পথ খুঁজতেন। তার সততা ছিল প্রশ্নাতীত ও তুলনাহীন। এমনকি ফ্যাসিবাদী শেখ হাসিনাও জিয়াউর রহমানের সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেননি। তার নিখাদ দেশপ্রেমের কারণেই আজও তিনি সমগ্র জনগণের হৃদয়ে সমাদৃত।

মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গতকাল রেববার জেলা পরিষদ মিলনায়তনে যশোর জেলা বিএনপি আয়োজিত ‘জনতার জিয়া’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভার শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। এর আগে অধ্যাপক নার্গিস বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পরিষদ মিলনায়তনে জিয়া স্মৃতি পাঠাগার যশোর জেলা শাখার আয়োজিত বইমেলার উদ্বোধন করেন।

অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশকে সারা বিশ্বে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পরিচিতি এনে দিয়েছিলেন। তার হাত ধরেই ‘তলাবিহীন ঝুড়ি’র তকমা ঝেড়ে ফেলে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হয়েছিল। তিনি গোটা জাতিকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলেছিলেন এবং জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছিলেন। সকলকে এক ছাতার নিচে এনে তাদের অন্তর্নিহিত শক্তি দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠন করেছিলেন। তার নীতি, দর্শন ও আদর্শ ধারণ করেই আগামী বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যেতে হবে।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ব্যানারসর্বস্ব রাজনীতি করা যাবে না। ব্যানার-পোস্টারের রাজনীতি কখনো অমরত্ব দেয় না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নেতা হওয়া যাবে না। জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ এবং রাজনীতির সঠিক পথ পরিক্রমার মধ্য দিয়েই নেতা হতে হবে। তার মতো তৃণমূলের মানুষের সাথে মিশতে হবে। তার রেখে যাওয়া নীতি-আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করতে হবে।

অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, দেশ ক্রমে ক্রমে এগিয়ে যাক, এটি আধিপত্যবাদী শক্তি কখনোই চায়নি। যে কারণে তারা জাতীয়তাবাদী শক্তির বাঁধা হয়ে দাঁড়িয়েছে, এটি যুগে যুগে প্রমাণিত। এই আধিপত্যবাদী ও তাদের দোসরদের থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। দলের প্রতিটি কর্মীকে আরও নিষ্ঠাবান হয়ে আমাদের ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়তে হবে।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মো. ইসহাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, যশোর সরকারি এম এম কলেজের শিক্ষার্থী মারিয়া খাতুন প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু।