শরণখোলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ১২ জন আহত

0

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ শরণখোলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিদ্বন্ধী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার সুন্দরবন সংলগ্ন শরণখোলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হচ্ছেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দোয়াত কলম প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান মিলনের কর্মী আসাদ কবিরাজ, মাসুম তালুকদার, শাহিন গাজী, মাহাবুব মোল্লা, মেহেদি হাসান, জলিল হাওলাদার। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনারস প্রতীকের প্রার্থী রায়হান উদ্দিন আকন শান্তর কর্মী টুলু তালুকদার, ইমরান উদ্দিন শুভ, খান মতিয়ার রহমান, আলমগীর শিকদার, ওবায়দুল আকন, ময়নুল ইসলাম। এদের মধ্যে গুরুতর আহত আসাদ কবিরাজ, ওবায়দুল আকন ও খান মতিয়ার রহমানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দোয়াত কলম প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান মিলন অভিযোগ করে বলেন, সাউখখালী ইউনিয়নে তার শ শ নেতা কর্মীকে হুমকি ধামকি দিয়ে ঘরে অবরুদ্ধ করে রেখেছে রায়হান উদ্দীন আকনের আনারস প্রতীকের সমর্থকরা।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হলে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (মোরেলগঞ্জ সার্কেল) আসিকুর রহমান শরণখোলায় এসে উভয় পক্ষের সাথে কথা বলে পরিস্থিত শান্ত করার চেষ্টা করেন। এ ব্যপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম কামরুজ্জামান বলেন, কেউ লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।