খুলনায় আবারও ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর

0
ছবি: সংগৃহীত।

খুলনা ব্যুরো ॥ খুলনায় আবারও ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুরে নগরীর ২৭৫ নম্বর খানজাহান আলী সড়কে অবস্থিত নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এ হামলা চালায় দুর্বৃত্তরা।

এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ভাঙচুর করা হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুর পৌনে ১টার দিকে পাঁচ যুবক খানজাহান আলী সড়কের ওই ডায়াগনস্টিক সেন্টারে প্রবেশ করে। কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা চাইনিজ কুড়াল বের করে প্রতিষ্ঠানের বিভিন্ন জিনিসপত্রে কোপাতে থাকে। হামলায় কাউন্টারের জিনিসপত্র, দুটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), একটি টেলিভিশন ও সামনের দরজার কাচ ক্ষতিগ্রস্ত হয়। এর আগে দুর্বৃত্তরা ডায়াগনস্টিক সেন্টারের এক কর্মীর কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের একটি মুঠোফোন ছিনিয়ে নেয়।

ডায়াগনস্টিক সেন্টারের ভেতরে থাকা এক ব্যক্তি জানান, হামলাকারীর সংখ্যা ছিল পাঁচ। তাঁদের সবার হাতে চাইনিজ কুড়াল ছিল।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক জাহিদ হোসেন বলেন, প্রায় এক মাস আগে নগরীর টুটপাড়ার নূর আজিম বাহিনীর এক সদস্য তাঁকে ফোন করেন। ফোনে অপর প্রান্ত থেকে নূর আজিম কথা বলছেন জানানো হলে তিনি জবাবে বলেন, তাঁকে চেনেন না। এরপরই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এর প্রায় এক মাস পর ডায়াগনস্টিক সেন্টারে হামলার ঘটনা ঘটল।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর রাতে নগরীর বাবুখান রোডে সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর ও গুলি চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিষ্ঠানটির ভেতরে থাকা চিকিৎসক, রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর একদিন পর নগরীর সোনাডাঙ্গায় অবস্থিত সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় শাখায় যায় একদল দুর্বৃত্ত। সেখানে কর্তব্যরত চিকিৎসকদের অস্ত্রের মুখে ভয়ভীতি প্রদর্শন করে তারা। এর ১০ দিন পর নগরীর সামসুর রহমান রোডে আব্দুল্লাহ ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালায় দুর্বৃত্তরা। এর চার দিন পর খানজাহান আলী সড়কের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটল।