রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নতুন করে আঁকার কাজ শুরু করেছে কেসিসি

0
কেসিসির উদ্যোগে নতুন করে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি অঙ্কন শুরুর মুহূর্তের দৃশ্যপট।। ছবি: সংগৃহীত

খুলনা রেলস্টেশনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় এখনও পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনায় আগমন উপলক্ষে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে রেলস্টেশনের দেয়ালে জুলাই অভ্যুত্থান, সুন্দরবন ও গুণীজনদের প্রতিকৃতি নিয়ে বিভিন্ন দৃষ্টিনন্দন গ্রাফিতি আঁকা হয়েছিল, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক আলোচনা চলছিল।

এর মধ্যে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডলে কালি দিয়ে ঢেকে দেয়, যা শুক্রবার দুপুরে সবার নজরে আসে এবং দেশজুড়ে সমালোচনার সৃষ্টি করে। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

পরিস্থিতি পরিদর্শনে শনিবার দুপুরে কেসিসির জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে যান কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি এই ঘটনাকে একটি হিংস্রতা এবং বিশ্ববরেণ্য কবির প্রতি অসম্মান হিসেবে উল্লেখ করে বলেন যে রাজনৈতিক প্রতিহিংসায় চিত্রকর্মের ওপর আঘাত আনা কাম্য নয়।

তাঁর নির্দেশেই শনিবার দুপুর থেকেই নতুন করে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি আঁকার কাজ শুরু হয়েছে। পাশাপাশি পুলিশ প্রশাসনকে দোষীদের দ্রুত খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।

খুলনা থানার ওসি লোকমান হোসেন জানিয়েছেন, জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১০ অক্টোবর ঢাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখমণ্ডলে কালি দেওয়ার ঘটনায় চারজনকে আটক করেছিল পুলিশ।