শরণখোলায় এক সপ্তাহে ১০ মাদক কারবারী গ্রেফতার

0
ছবি: সংগৃহীত।

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ শরণখোলায় মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে থানা পুলিশ। গত এক সপ্তাহে র্শীষ মাদক কারবারী ইলিয়াস তালুকদারসহ ১০জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও ধারালো অস্ত্র। মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করায় গডফাদাররা সোশ্যাল মিডিয়ায় শরণখোলা থানার ওসির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে নেমেছে।

পুলিশ জানায়, শরণখোলা থানার নবাগত অফিসার ইনচার্জ রোকেয়া খানমের নির্দেশে পুলিশ উপজেলায় মাদকের আঁখড়া চিহ্নিত করে অভিযান চালাচ্ছে। গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১০ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এ সময়ের থানায় ১১টি মাদকের মামলা রেকর্ড করা হয়েছে।

এরমধ্যে ২ আগস্ট বিকেলে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা সদরের মাদক কারবারী ইলিয়াস তালুকদারকে ইয়াবা ও ইয়াবা বিক্রির ২৯ হাজার টাকাসহ আটক করে। এ সময় পুলিশ ইলিয়াসের বাড়ি তল্লাশি করে চাইনিজ কুড়ালসহ কয়েকটি ধারালো অস্ত্র জব্দ করে। ইলিয়াসের বিরুদ্ধে শরণখোলা থানায় ৮টি মামলা রয়েছে।

শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন বলেন, শরণখোলা থানার নবাগত ওসি রোকেয়া খানম মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করায় মাদকের গডফাদাররা সোশ্যাল মিডিয়ায় ওসির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে নেমেছে।

শরণখোলা থানার নবাগত অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন, শরণখোলাকে মাদকমুক্ত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।