বাস-ইজিবাইক দ্বন্দ্বে ঝিনাইদহে সড়ক অবরোধ, ভাঙচুরে যান চলাচল বন্ধ

0
বাস-ইজিবাইক দ্বন্দ্বে ঝিনাইদহে সড়ক অবরোধ

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহে সড়কে বাস ও ইজিবাইক চলাচলকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে সড়ক অবরোধ ও ইজিবাইক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আঠারো মাইল এলাকায় ইজিবাইক চালক ও বাসচালকের মধ্যে সড়কে চলাচল নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এর জেরে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের ওপর বাস রেখে অবরোধ করেন বাস শ্রমিকরা। এ সময় কয়েকটি ইজিবাইক ভাঙচুরের ঘটনাও ঘটে।

ইজিবাইক চালক রাসেল অভিযোগ করেন, তারা ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করলেও বাস মালিক সমিতি তাদের সড়কে চলাচল করতে দিচ্ছে না। অতীতেও সড়কে ইজিবাইক চালানোর জন্য বাস মালিকদের অর্থ দিতে হয়েছে বলে দাবি করেন তিনি। এরপরও তাদের চলাচলে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তার।

তবে অভিযোগ অস্বীকার করে জেলা বাস মালিক সমিতির সড়ক সম্পাদক ওহিদুল আলম থোকন বলেন, বাস ও ইজিবাইক চলাচল নিয়ে আগে থেকেই উভয় পক্ষের মধ্যে সমঝোতা ছিল। সেই সমঝোতা অনুযায়ী আঠারো মাইল পর্যন্ত ইজিবাইক চলাচলের বিষয়ে সম্মতি দেওয়া হয়েছিল। বিষয়টি দেখতে গেলে ইজিবাইক চালকরা অতর্কিত হামলা চালান বলে দাবি করেন তিনি। পরে ক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

ইজিবাইক ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, উত্তেজিত শ্রমিকরা কয়েকটি ইজিবাইক ভাঙচুর করেছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, বাস ও ইজিবাইক চলাচল নিয়ে দ্বন্দ্বের জেরেই সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং যানবাহন চলাচল পুনরায় চালু করতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে।

এদিকে সড়ক অবরোধের কারণে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এতে দূরপাল্লার যাত্রীসহ স্থানীয় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।