দ্বিতীয় স্ত্রীকে নির্যাতন–আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

0
ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী ও শ্যালককে গ্রেপ্তার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।। ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় গভীর রাতে মামলা হয়েছে। মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় এই মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও শ্যালক ওবায়দুল রহমানকে গ্রেপ্তার করেছে।

সোমবার সকালে পুলিশের তেজগাঁও বিভাগের কমিশনার মো. ইবনে মিজান তিন আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল রোববার সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের একটি ফ্ল্যাট থেকে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ৫ নম্বর ভবনের ওই ফ্ল্যাটটি সংসদ সদস্য গাজী নজরুলের। সেখানে তিনি তাঁর প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে একসাথে বসবাস করতেন। ঘটনার সময় ভেতর থেকে ঘরের দরজা লাগানো ছিল। পরে পুলিশ, সিআইডি, পিবিআই ও ডিবির সমন্বয়ে গঠিত দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মরিয়মের লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের বাসিন্দা মরিয়মের বাবা পেশায় একজন মুদি দোকানদার। তাঁর বড় মেয়ে মরিয়মের সঙ্গে চলতি বছরের জুন মাসে ইসলামী শরীয়ত মোতাবেক ৭৫ বছর বয়সী সংসদ সদস্য গাজী নজরুলের বিয়ে হয়। এই বিয়েতে মধ্যস্থতা ও প্ররোচনা দিয়েছিলেন নজরুলের শ্যালক ওবায়দুল রহমান। বিয়ের পর থেকেই ন্যাম ভবনের ফ্ল্যাটে মরিয়মকে তাঁর স্বামী ও প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম মিলে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। নির্যাতনের এসব ঘটনা মরিয়ম একাধিকবার মুঠোফোনে তাঁর পরিবারকে জানিয়েছিলেন।

মামলার বিবরণীতে মরিয়মের বাবা উল্লেখ করেন, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে সংসদ সদস্য নজরুল ইসলাম নিজে ফোন করে তাঁকে দ্রুত ন্যাম ভবনের বাসায় যেতে বলেন। খবর পেয়ে তিনি আত্মীয়কে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে মানুষের ভিড় দেখতে পান এবং জানতে পারেন মরিয়ম ঘরের ভেতর দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়েছেন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত লাশ দেখতে পান। এ সময় মরিয়মের বিছানার ওপর থেকে একটি সুসাইড নোট উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া চিরকুটটি মরিয়মের লেখা কি না, তা সিআইডির ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ফজলুল করিম।

অন্যদিকে গ্রেপ্তারকৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী ও শ্যালককে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে কি না— সে বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের কমিশনার মো. ইবনে মিজান।

উল্লেখ্য, গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়ন নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত জুলাই মাসে এক তরুণীর সঙ্গে তাঁর একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি দাবি করেন, ওই তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম। পরবর্তীতে নীতিগত স্খলনের অভিযোগে গত ২২ জুলাই জামায়াতে ইসলামী তাঁকে দল থেকে বহিষ্কার করে এবং তাঁর সংসদীয় পদ বাতিল ও আইনি ব্যবস্থার জন্য স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দেয়।