লোহাগড়ায় সাবেক চেয়ারম্যান মোস্তফা হত্যা মামলায় আটক ৪

0

 

স্টাফ রিপোর্টার ও নড়াইল সংবাদদাতা॥ প্রতিপক্ষ সাবেক ইউপি সদস্য আকবর হোসেন লিপনের পরিকল্পনাতেই খুন হয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল। হত্যা মামলার অন্যতম আসামি শ্যুটার সাজেদুল মল্লিকসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব। আটকরা স্বীকার করেছেন যে, আকবর হোসেন লিপনের ওপর হামলার প্রতিশোধ নিতে পূর্ব পরিকল্পিতভাবে মোস্তফা কামালকে হত্যা করা হয়।
গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম ও নড়াইলে আলাদা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- নড়াইলের লোহাগড়ার মঞ্জুর মল্লিকের ছেলে শ্যুটার সাজেদুল মল্লিক (২৫), হাবিবার শেখের ছেলে পাভেল শেখ (২৮), বিল্লাল হোসেনের ছেলে রহমত উল্লাহ শেখ (১৯) ও নড়াইলের আব্দুল মান্নান মোল্লার ছেলে মামুন মোল্লা (২৬)।
র‌্যাব-৬ যশোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১০ মে মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামালকে গুলি করে দুর্র্বৃত্তরা। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই গত ১৩ মে লোহাগড়া থানায় একটি মামলা করেন। মামলা দায়েরের পর র‌্যাব মামলার আসামিদের ধরতে তৎপর হয়। গত বৃহস্পতিবার রাতে র‌্যাব-৬, র‌্যাব-৭ ও র‌্যাব-১০ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বায়েজিদ এলাকায় যৌথ অভিযান চালিয়ে সাজেদুলসহ আসামি পাভেল ও মামুনকে আটক করেন। পরে আটক সাজেদুলের দেওয়া তথ্য অনুযায়ী নড়াইল থেকে আটক করা হয় আরেক আসামি রহমত উল্লাহকে।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পেরেছে, মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা মল্লিক ও একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আকবর হোসেন লিপনের সাথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যার ঘটনা ঘটে। ২০২২ সালের ডিসেম্বর মাসে পূর্ব দ্বন্দ্বের জের ধরে মোস্তফা কামাল ও আকবর হোসেন লিপন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আকবর হোসেন লিপন গুরুতর জখম হন এবং তার একটি হাত কেটে ফেলতে হয়। এরপর থেকে আকবর হোসেন লিপন গ্রুপের লোকজন মোস্তফা কামালের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ খুঁজতে থাকেন। আকবর হোসেন লিপনের নির্দেশনায় ঘটনার দিন সকালে তার ছোট ভাই সাজেদুলসহ আটক অন্যদের উপস্থিতিতে মোস্তফা কামালকে হত্যার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী ওই দিন সন্ধ্যায় মোস্তফা কামালের অবস্থান নিশ্চিত হওয়ার পর অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। এ সময় সাজেদুল তার কাছে থাকা বিদেশি পিস্তল দিয়ে মোস্তফা কামালকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলিবর্ষণ করেন। এর মধ্যে ২ রাউন্ড গুলি মোস্তফা কামালের বুকে ও পিঠে লাগলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকায় নিয়ে যাওয়ার সময় পথে তার মৃত্যু হয়।
আটক রহমত উল্লাহর কাছ থেকে র‌্যাব জানতে পেরেছে, মোস্তফা কামালকে হত্যার জন্য তার সাথে ১ লাখ টাকা চুক্তি হয়েছিলো। সাজেদুলের সহযোগী হিসেবে তাকে হত্যা মিশনে অংশ নিতে বলা হয়। তবে চুক্তির ১ লাখ টাকা রহমত উল্লাহ পেয়েছেন কিনা তা জানা যায়নি।