রাস্তা দখলে, যানজট রাজগঞ্জ বাজারে

0

 

ওসমান গণি, রাজগঞ্জ (যশোর) ॥ যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে প্রধান সড়কের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের দোকানপাট ও মার্কেট। এতে মারাত্মক ঝুঁকিতে চলাচল করছে যাত্রীবাহী বাস ও ট্রাকসহ নানা যানবাহন। অভিযোগ উঠেছে, জেলা পরিষদের এক শ্রেণির কর্মকর্তার ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে রাজগঞ্জ-পুলেরহাট প্রধান এ সড়কের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও মার্কেট উচ্ছেদ হচ্ছেনা। প্রতিনিয়তই বাড়ছে টাকার বিনিময়ে দোকানপাট বরাদ্দ দেয়ার প্রতিযোগিতাও। স্থানীয়দের অভিযোগ, বৃহত্তর এ সড়কটি রাজগঞ্জ বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত। বাজারের মধ্যে যাতায়াতের একমাত্র ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়ক রাজগঞ্জ চৌরাস্তা মোড়। এই গুরুত্বপূর্ণ মোড়ের চারপাশে সরকারি জায়গা দখল করে ফলমূল, মুদি দোকান, হোটেল, ওষুধ, মোবাইল ফোনের দোকান ও জুতার দোকান বসানো হয়েছে।
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে সরকারের অধিকগ্রহনকৃত প্রধান সড়কের ৬০ফুট প্রস্তের রাস্তার মধ্যে প্রায় ৩০ ফুট রাস্তার জমি পূর্বের মালিক ও বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অবৈধভাবে দখল করে নিয়ে ভবন নির্মাণ অব্যাহত রেখেছেন।
রাজগঞ্জ বাজার সংলগ্ন শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় হতে বাজারের চৌরাস্তা মোড়ের বর্তমান ভাগ্যকুল হোটেল ও মার্কেটসহ মোবারকপুর ব্রিজ পর্যন্ত প্রধান সড়কটি সোজা করার জন্যে ১৯৬২ ও ১৯৬৩ সালে হানুয়ার ও মোবারকপুর মৌজা থেকে ৩ একর ৪৬শতক জমি তৎকালিন সরকার যশোর জেলা বোর্ডের মাধ্যমে অধিগ্রহণ করে।
অধিকগ্রহণকৃত জমির প্রস্ত ছিল ৬০ফুট। পরবর্তীতে সরকারের ক্রয়কৃত ওই জমির ওপর দিয়ে প্রথমে কাচা ও পরে পাকা সড়ক নির্মিত হয়। পাকা সড়ক নির্মাণের জন্য ব্যবহৃত হয় মাত্র ৩০ফুট জায়গা। আর অবশিষ্ট ৩০ফুট জায়গা প্রধান এ সড়কের ‘হালট’ হিসেবে সংরক্ষিত থাকে। এরপর ১৯৯০ সালে মাঠ জরিপের সময় পূর্বের মালিকগণ জরিপ অফিসারকে মোটা অংকের টাকা ঘুষ দিয়ে সরকারের ক্রয়কৃত ওই ৬০ফুট সম্পত্তির মধ্যে থেকে হালটের ৩০ফুট জমি নিজেদের সীমানার মধ্যে অর্ন্তভুক্ত করেন এবং সেই মোতাবেক রেকর্ড করে নেন।
সরকারের ক্রয়কৃত ওই সম্পত্তি নিজেদের দাবি করে ভুয়া রেকর্ডকৃত মালিকরা ভবন ও মার্কেট নির্মাণসহ অবৈধ দখল অব্যাহত রেখেছেন। আর এই দখলদারদের অত্যাচারে রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠ হতে মেবারকপুর ব্রিজ পর্যন্ত প্রধান এ সড়কটি দিনদিন ছোট হয়ে যাওয়ায় প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। রাজগঞ্জ বাজারের ব্যবসায়ী বাবুল হোসেন, শিমুল হোসেন, অখিল কুমার, শাহিন হোসেন ও নজরুল ইসলাম জানান, সরকারি রাস্তার হালট দখল করে দোকানপাট তৈরি করায় প্রতিনিয়তই মারাত্মক যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া রাজগঞ্জ চৌরাস্তা মোড়ের প্রধান এ সড়কে সব সময় ইঞ্জিন চালিত ভ্যান ও ইজিবাইকসহ মোটরসাইকেল রাখায় পাশের দোকানদাররা  ঠিকমত কেনাবেচাও করতে পারছেন না।
ইউপি সদস্য তাজু হোসেন জানান, বাজারের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক কিছু অবৈধ দখলদারদের কারণে প্রতিনিয়ত মারাত্মক যানজট সৃষ্টি হয়। এ ব্যাপারে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লুৎফর রহমান  বলেন, নোটিশ দেয়া হয়েছে। এখন যত দ্রুত সময়ের মধ্যে সরকারি সম্পত্তি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য প্রস্তুতি চলছে।