মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ

0
পুলিশ সদস্য আবুল কালাম ।। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় আবুল কালাম নামের এক পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার এবং পায়ের রগ কেটে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। আহত আবুল কালাম (৩৫) আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য এবং তিনি বর্তমানে ছুটিতে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন।

গুরুতর আহত অবস্থায় তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করা হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কালাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার জোরালো প্রতিবাদ করে আসছিলেন। গত মাসে মাসাবো এলাকার মাদক কারবারি শাহাদাত হোসেন ও এমদাদুল হককে পুলিশে ধরিয়ে দিতে সহযোগিতা করায় শাহাদাতের ছোট ভাই শাহজালাল তাঁকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন।

ঘটনার দিন রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে বাড়ি থেকে ডেকে একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে শাহজালালসহ ১০ থেকে ১৫ জন যুবক তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা মারধর করে তাঁর ডান হাত ও বাঁ পা ভেঙে ফেলেন এবং মাটিতে লুটিয়ে পড়ার পর ডান পায়ের রগ কেটে দেন।

তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান এবং স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এদিকে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোক্তার হোসেন জানান, আবুল কালাম হবিগঞ্জ জেলায় কর্মরত ছিলেন এবং গত মাসে বদলি হলেও নতুন কর্মস্থলে যোগ দেননি। বাড়িতে এসে তিনি মাদকসংক্রান্ত বিষয় নিয়ে হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।