জামায়াত দ্বিচারিতা করছে : রাশেদ খান

0
রাশেদ খান, ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে একের পর এক গুরুত্বপূর্ণ নেতাদের পদত্যাগ ও জামায়াতে ইসলামীর রাজনৈতিক কৌশল নিয়ে তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি অভিযোগ করেন, জামায়াত একদিকে সাধারণ জনগণকে বিভ্রান্ত করছে ও অন্যদিকে তাদের জোটসঙ্গীদের সাথেও প্রতারণা ও দ্বিচারিতা চালিয়ে যাচ্ছে।

শুক্রবার ঝিনাইদহ শহরের পাগলা কানাই সায়াদাতিয়া জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এনসিপির একাধিক নারী নেত্রীর সাম্প্রতিক পদত্যাগ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে রাশেদ খান বলেন, নাহিদ ইসলামের সব থেকে বড় অযোগ্যতা হলো সামান্তা শারমিনের মতো নেত্রীদের দলে ধরে রাখতে না পারা। এর আগেও যারা এক ধরনের স্বপ্ন নিয়ে এনসিপিতে যুক্ত হয়েছিলেন, তাদের অনেকেই একে একে বের হয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, এর আগে নাসিরুদ্দিন পাটোয়ারী জামায়াত সম্পর্কে অভিযোগ করেছিলেন যে তারা সংস্কার চায় না, সংস্কারের নামে ভন্ডামি করছে। ঠিক একই ধরনের অভিযোগ তুলে সামান্তা শারমিনও পদত্যাগ করেছেন। এতেই প্রমাণিত হয় এই অভিযোগগুলো কতটা সত্যি।

জামায়াতে ইসলামীর রাজনীতি নিয়ে কড়া সমালোচনা করে রাশেদ খান বলেন, বাংলাদেশে জামায়াতের রাজনীতি হলো ইসলামকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা। বিদেশিদের সাথে বৈঠকে তারা দাবি করে যে তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েমের কথা বলেনি, অথচ তাদের গঠনতন্ত্রেই তা স্পষ্ট উল্লেখ রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কেএম ওয়াজেদ, পাগলা কানাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহেদ আহমেদ প্রমুখ।