নড়াইলে নারী নৌকা বাইচ

0
ছবি: সংগৃহীত।

সুলতান মাহমুদ, নড়াইল ॥ নড়াইলে দুদিনব্যাপী জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দুপুরে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের এগারোখান এলাকায় গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানমালার উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে জাতীয় নারী নৌকা বাইচ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম, নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী ও অলকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি বনানী বিশ্বাস।

এ সময় নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএম রাহসিন কবির উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংস্কৃতিক ঐতিহ্য ও গুণীজনদের গৌরবময় ইতিহাসে সম্মৃদ্ধ নড়াইল জেলা । বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ,জারি সম্রাট মোসলেম উদ্দীন, কবিয়াল বিজয় সরকার, সাহিত্যিক নীহার রঞ্জন গুপ্ত,খ্যাতিমান নৃত্যশিল্পী উদয় শংকর ও সেতারবাদক পন্ডিত রবিশংকরের শিকড় এ জেলার সঙ্গে যুক্ত।

বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, নড়াইলের ইতিহাস, সংস্কৃতি ও গুণীজনদের ঐতিহ্য কাজে লাগিয়ে পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব। বিশেষ করে চিত্রশিল্পী এসএম সুলতানের চিত্রকর্ম ও স্মৃতিবিজড়িত বাড়িকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র বা পর্যটন হাব গড়ে তোলার সুযোগ রয়েছে।