রামপালে মাদক বেচাকেনাকে কেন্দ্র করে হামলায় আহত ৩

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে মাদক বেচাকেনাকে কেন্দ্র করে হামলায় ৩ যুবক আহত হয়েছেন।
এলাকাবাসী জানান, উপজেলার হুড়কা ইউনিয়নের বেলাই এলাকার মো. মিজানুর রহমান খোকনের ছেলে জনির সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল তার এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী রনি শেখ (২৫), সিদামখালী গ্রামের মো. রাজু সরদার (২৮) ও একই গ্রামের মাসুম মল্লিকের।
গত ৪ অক্টোবর রাত ৯ টার দিকে উপজেলার বাবুর বাড়ি এলাকা দিয়ে যাচ্ছিলেন রনি, রাজু ও মাসুম। এ সময় জনিসহ তার লোকেরা তাদের গতিরোধ করে কুপিয়ে আহত করে। আহতদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মাদক বেচাকেনাকে কেন্দ্র করে এ হামলা হয় বলে অভিযোগ।
এ ব্যাপারে রামপাল থানার ওসি সোমেন দাশ জানান, তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।