রামপালে নির্বাচনী সহিংসতায় আহত ১১

0

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে নৌকা প্রতীকের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ভেতর সংঘর্ষে ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় উভয়পক্ষ পৃথক দুটি মামলা দায়ের করেছে। পুলিশ এ ঘটনায় উপজেলার বড় কাটালী গ্রামের গাজী জহুরুল ইসলাম (৫২), জাহাঙ্গীর হোসেন হাওলাদার (৫৮) ও মো. আল আমীন হাওলাদার (৪২)- কে আটক করেছে।
রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার পেড়িখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বড়কাটালী গ্রামে ঈগল প্রতীকের আলীমুল্লাহ নামের এক সমর্থকের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট দেয়ার ঘটনায় এ সংঘর্ষের সূত্রপাত।
আহতরা হলেন, নৌকা প্রতীকের সমর্থক কোরবান আলী হাওলাদার (৩৮), আবু সাইদ ইজারাদার (৩৬), হুমায়ুন হাওলাদার (৫০), জুলকার শেখ (৭২) ও হালিম শেখ (৪৫) ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সমর্থক আহত সোহাগ আইকন (৪৮), জিলানী শেখ (২৫), ফিরোজ খান (৩৬), জিহাদ খান (৪০), শামীম শেখ(৩৬) ও জহুরুল গাজী (৪০। আহতদের মোংলা ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, একটি ভিডিও পোস্ট দেয়াকে কেন্দ্র করে নৌকা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা গ্রহণ করা হয়েছে। আটক তিন আসামিকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।