যশোর সদর উপজেলা শ্রমিক দলের সমাবেশ দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে : নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, আমাদের লড়াই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার। যে সরকার জনগণের সকল মৌলিক এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিষ্কণ্টক রাখবে।

বিএনপি চায় আগামী দিনে সকলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠিত হোক। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যকে নস্যাৎ করতে নানাবিধ ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে। এ থেকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিগত ১৭ বছর যেভাবে শিরদাঁড়া সোজা রেখে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, ঠিক একইভাবে দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।

মহান মে দিবস ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার সদর উপজেলা শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

উপশহর ট্রাক স্ট্যান্ডে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তখনই শ্রমিকের সকল যৌক্তিক দাবি পূরণ হয়। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে শ্রমিক পরিচয় দিতে গর্ববোধ করতেন। সে চেতনাবোধ থেকে বিএনপি সব সময় শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবির পক্ষে অবস্থান নিয়েছে।

আর ফ্যাসিস্ট সরকার বিগত দিনে শ্রমিকের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে। যে কারণে শ্রমিকরা পদে পদে লাঞ্ছিত এবং শোষিত হয়েছেন। কথায় কথায় চাকরিচ্যুতিসহ নানা প্রকার বঞ্চনার শিকার হয়েছেন। নারী শ্রমিকরা কর্মক্ষেত্রে বিভিন্ন ভাবে হয়রানির শিকার হয়েছেন।

তিনি বলেন, বিএনপি কোন সন্ত্রাসী কিংবা নিশিরাতের সংগঠন নয়। বিএনপি দেশ ও জনগণের পক্ষে কথা বলে। বিএনপি জনগণের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। সে কারণে আগামী দিনে জনগণের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আন্দোলন চলমান থাকবে। সেই লক্ষ্যে আমরা সকলেই অচিবল থেকে জনগণের কাঙ্খিত স্বপ্ন পূরণ করতে সক্ষম হবো ইনশাআল¬াহ।

সমাবেশে প্রধান বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ফ্যাসিস্ট সরকার শ্রমিকদের নিজের হীনস্বার্থে ব্যবহার করেছিল। তাদের সময়ে শ্রমিকরা সবচেয়ে বেশি জুলুম নির্যাতনে শিকার হয়েছে। তাদের কথা সাড়া না দিলে শ্রমিকদের চাকরিচ্যুতিসহ বিভিন্নভাবে হয়রানি করা হতো। সেই ফ্যাসিস্ট সরকারের প্রতাপশালী মন্ত্রী শাহজাহান খান শ্রমিক সংগঠনগুলোকে আওয়ামী লীগের গুন্ডাবাহিনী বানানোর চেষ্টা করেছিলেন।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, যুগ্ম-সম্পাদক আব্দুর রহিম প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফিরোজ আলম।