যশোর শিক্ষা বোর্ডে যোগদানের ১২ দিনের মাথায় ফের ওএসডি: অধ্যা.কামাল হাসান

নতুন চেয়ারম্যান ড. মোসাম্মৎ আসমা বেগম

0
আসমা বেগম ও কামাল হাসান

স্টাফ রিপোর্টার ॥ পতিত আওয়ামী লীগ আমলে সুবিধাভোগী হিসেবে চিহ্নিত অধ্যাপক খোন্দকার কামাল হাসান যশোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের দায়িত্ব গ্রহণের ১২ দিনের মাথায় ওএসডি(বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হয়েছেন। তার স্থলে নিয়োগ পেয়েছেন সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. মোসাম্মৎ আসমা বেগম।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিতপত্রে এ তথ্য জানা গেছে। আগামী ২৬ জানুয়ারির মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অধ্যাপক খোন্দকার কামাল হাসান গত বছরের ২৪ অক্টোবর বগুড়া সরকারি আজিজুর হক কলেজের অধ্যক্ষ পদ থেকে ওএসডি হন। তার বিরুদ্ধে ছিল তহবিল লোপাটের অভিযোগ। তাছাড়াও আজিজুল হক কলেজে যোগদানের পরপরই তিনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে তার কার্যালয়ের সামনেই ছাত্রদের ওপর বোমা হামলা চালনো হয়। সে সময় তিনি ছাত্রলীগ(নিষিদ্ধ সংগঠন) কর্মীদের সাথেই ছিলেন। চলতি বছরের ৩ জানুয়ারি তিনি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। ৭ জানুয়ারি যোগদান করেন। তার যোগদানের পর থেকেই বিতর্কের ঝড় ওঠে। ফ্যাসিস্টের সাথে তার সংশ্লিষ্ঠতা ও দুর্নীতির তথ্য সংবলিত রিপোর্ট দৈনিক লোকসমাজে প্রকাশিত হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা অব্যহত ছিল। যশোর শিক্ষা বোর্ড ছাড়াও শিক্ষা প্রশাসনে ব্যাপক রদবদল আনা হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে জানা গেছে, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার কামাল হাসান ছাড়াও কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নিজামুল করিম, দিনাজপুর বোর্ডের প্রফেসর স.ম. আব্দুস সামাদ আজাদকে বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) করা হয়েছে।

একই সঙ্গে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলামকে কুমিল¬া শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। সিলেট শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মৌলভীবাজার সরকারি কলেজের উপধ্যাক্ষ অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী। দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর স. ম. আব্দুস সামাদ আজাদকে ওএসডি করা হয়েছে। অপরদিকে এই পদে নতুন নিযুক্ত হয়েছেন অধ্যাপক মহা. তৌহিদুল ইসলাম।

এ ছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) বরিশাল আঞ্চলিক কার্যালয়ে অধ্যাপক মো. ওমর ফারুক, খুলনায় অধ্যাপক ড. মো. আনিস-অর-রেজা নতুন পরিচালক নিযুক্ত হয়েছে। বরিশালের পরিচালক অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেনকে ভোলা সরকারি কলেজে ও খুলানার পরিচালক অধ্যাপক শেখ হারুনুর রশীদকে কুড়িগ্রাম সরকারি কলেজে বদলি করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকদের বদলি করা হয়েছে।