নড়াইলে আত্মীয়ের বাড়ি যাওয়ার কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ

0
ছবি: সংগৃহীত।

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের তালতলা এলাকায় এক নারীকে (৪৪) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রহলাদ খান (৪৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী নারী ১ অক্টোবর অভিযুক্ত ওই ব্যক্তিকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা করেছেন।

ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি প্রহলাদ খান জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ছায়মানার চর গ্রামের বাসিন্দা।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর ওই নারী জরুরি প্রয়োজনে নড়াইল জেলা শহরে আসেন। কাজ শেষে তিনি বাড়ি ফেরার সময় পূর্ব পরিচিত প্রহলাদ খানের সাথে দেখা হয়। পূর্ব পরিচিত হওয়ায় প্রহলাদ খানের সাথে বাড়ি ফেরার পথিমধ্যে তালতলা এলাকায় পৌঁছালে প্রহলাদ তার অসুস্থ আত্মীয় গোলাম মোস্তফাকে দেখতে যাওয়ার অনুরোধ করেন ওই নারীকে। সরল বিশ্বাসে ওই নারী প্রহলাদের সঙ্গে বিকেল ৩টার দিকে তালতলার গোলাম মোস্তফার বাড়িতে গেলে তাকে একটি কক্ষে বসতে দিয়ে কোন কিছু বুঝে ওঠার আগে ওই কক্ষের দরজা বন্ধ করে দেন।

এরপর মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন। পরে ঘটনাটি কাউকে জানালে ভুক্তভোগী নারী ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। পরে ওই নারী অসুস্থ হয়ে পড়লে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল সরোয়ার মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। ধর্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আসামিকে ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।