কুষ্টিয়ায় ইকো-ইমদাদ সিতারা ফাউন্ডেশনের উদ্যোগে ৪ শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ

0

লোকসমাজ ডেস্ক : কুষ্টিয়া জেলা শহরের হরিশংকরপুর এলাকায় ইকো-ইমদাদ সিতারা ফাউন্ডেশনের উদ্যোগে চার শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) জান্নাতুল মাওয়া মসজিদের পাশের ইকো-ইমদাদ সিতারা ফাউন্ডেশন হেলথ সেন্টারে এ আয়োজন করা হয়।

স্থানীয়রা ইকোর এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইকোর প্রজেক্ট অফিসার আবদুল কাদের, ইকো-ইমদাদ সিতারা ফাউন্ডেশন হেলথ সেন্টারের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস, মার্কেটিং কর্মকর্তা মাসুদুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।

বক্তারা বলেন, “ইকোর মতো সংগঠনগুলো সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে। এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত হলে সমাজের অনেক মানুষ উপকৃত হবে।”

খাদ্য সহায়তা পেয়ে সুবিধাভোগীরা ইকো-ইমদাদ সিতারা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এমন সহযোগিতা তাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে।

স্থানীয় বাসিন্দা রাশিদা বেগম বলেন, “আমি শারীরিকভাবে অচল। অনেক দিন ভালো খাবার খেতে পারিনি। আজ ইকো-ইমদাদ সিতারা ফাউন্ডেশনের দেওয়া খাবার পেয়ে খুবই আনন্দিত।”

আরেক সুবিধাভোগী হারুণ বিশ্বাস (৭২) বলেন, “ইকোর খাবার পেয়ে আমি অনেক খুশি হয়েছি। তাদের এ মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি।”