যুবতীকে হত্যা করে গোপনে দাফনের চেষ্টা, মা ও ভাই গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ফারহানা পারভীন উর্মি (২৯) নামে এক যুবতীকে হত্যার অভিযোগে তার মা ও ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে গ্রামে নিয়ে গোপনে দাফনের চেষ্টাকালে হত্যার ঘটনা প্রকাশ পায় বলে পুলিশ জানায়। গ্রেফতার মা আইরিন বেগম (৫৫) ও ভাই ফয়েজ রাজ্জাক ফারদিন (২৩)।  বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে যশোর কোতয়ালি থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান।
অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, যশোর শহরের বেজপাড়ার চারখাম্বার মোড় এলাকার ইমরান কবিরের বাড়িতে মেয়ে উর্মি ও ছেলে ফারদিনকে নিয়ে ভাড়া থাকেন আইরিন বেগম। তার স্বামী অ্যাড. আব্দুর রাজ্জাক ২০১৪ সালে মারা যান। উর্মি সম্প্রতি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তিনি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক পাস করেছেন ৯ বছর আগে।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, গত ২৫ এপ্রিল রাত ১১টার দিকে বাড়িতে দুই ভাই বোনের মধ্যে বিবাদ হয়। এ সময় ভাই ফারদিন ধাক্কা দিলে উর্মি পড়ে যান। তখন তার ওড়না দিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে ভাই। ওই রাতেই ফারদিন ও তার মা মরদেহ প্রাইভেটকারে তাদের গ্রামের বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলার শ্রীহট্ট গ্রামে নিয়ে যান দাফনের জন্য। সেখানে বলা হয় উর্মি আত্মহত্যা করেছেন। মরদেহ গোসলের সময় দেখা যায় তার মাথার পেছনে আঘাতে চিহ্ন। এসময় তার চাচাতো ভাই রবিউল ইসলাম বিষয়টি শালিখা থানা পুলিশকে জানান। শালিখা থানা পুলিশ ঘটনা যশোর কোতয়ালি থানা পুলিশকে জানায়। রাতেই কোতয়ালি পুলিশ শালিখায় গিয়ে মরদেহ উদ্ধার এবং ফারদিন ও তার মাকে যশোরে নিয়ে আসে। মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়। জিজ্ঞাসাবাদে ফারদিন ও তার মা আইরিন বেগম স্বীকার করেন হত্যার কথা। এসময় তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ২৬ এপ্রিল রাতে চাচাতো ভাই রবিউল ইসলাম বাদী হয়ে যশোর কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় ফারদিন ও তার মা আইরিন বেগমকে আসামি করা হয়েছে। যশোর কোতয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার মা ও ছেলেকে আদালতে সোপর্দ করা হয়। এ সময় ভাই ফারদিন বোন হত্যার কথা স্বীকার করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালালের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অভিযুক্ত ফারদিন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের এলএলবির দ্বিতীয় বর্ষের ছাত্র।