যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষায় বহিষ্কার ২, অনুপস্থিতির হার ৩.৩২ শতাংশ

0
ছবি: সংগৃহীত।

বিশেষ প্রতিনিধি ॥ যশোর শিক্ষা বোর্ডে সোমবার তিনটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কারের পাশাপাশি রেকর্ডসংখ্যক পরীক্ষার্থীর অনুপস্থিতির ঘটনা ঘটেছে। বিশালসংখ্যক পরীক্ষার্থীর অনুপস্থিতির কথা স্বীকার করেছে বোর্ড কর্তৃপক্ষ।

সোমবার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (বিষয় কোড-২৬৯), জীববিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র (বিষয় কোড-১৭৮) এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র (বিষয় কোড-২৭৭) বিষয়ের পরীক্ষা সম্পন্ন হয়।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সোমবার বোর্ডের অধীন ১০ জেলার ২৪০টি কেন্দ্রে মোট ৭৬ হাজার ৫৯ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে ৭৩ হাজার ৫৩৬ জন পরীক্ষায় অংশ নেয় এবং অনুপস্থিত ছিল ২ হাজার ৫২৩ জন। সেই হিসাবে অনুপস্থিতির হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৩২ শতাংশ।

এদিন পরীক্ষা চলার সময় ঝিনাইদহ জেলায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতদের রোল নম্বর হলো-ঝিনাইদহ-৩৩১ কেন্দ্র নম্বর, ৫০৬৮০৪ এবং ৫০৬৮০৬।

এদিকে সোমবারে জেলাওয়ারী পরীক্ষার্থী অনুপস্থিতির দিক থেকে সবচেয়ে এগিয়ে ছিল মেহেরপুর। জেলাটিতে অনুপস্থিতির হার ছিল সবচেয়ে বেশি-৫ দশমিক ৯০ শতাংশ, যেখানে মোট ১৬৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর সবচেয়ে কম অনুপস্থিতির হার ছিল যশোর জেলায়; অনুপস্থিতির হার ২ দশমিক ৫৩ শতাংশ এবং মোট অনুপস্থিত ছিল ৩০৭ জন।

পরীক্ষা শেষে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. হোসেন আলী।