নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ, আহত ৮

কলাবাড়িয়া গ্রামে সোহেল মেম্বার ও আবেদ গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়

0
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ
নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ ৮ জন আহত হয়েছেন- লোকসমাজ

নড়াইল সংবাদদাতা, লোকসমাজ : নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার কলাবাড়িয়া গ্রামে সোহেল মেম্বার ও আবেদ গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুলি ও হামলায় আটজন আহত হন। আহতদের মধ্যে পাঁচজনের শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাত রয়েছে।

গুলিবিদ্ধরা হলেন—কলাবাড়িয়া গ্রামের ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান, মুক্তি শেখ ও হাসান শেখ।

আহতদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।