রাজঘাট শিল্প ক্লিনিক এখন ময়লার ভাগাড়, পরিকল্পনায় ট্রমা সেন্টার ও ট্রেনিং সেন্টার

0
নওয়াপাড়ার রাজঘাট শিল্প ক্লিনিক এখন ময়লার ভাগাড়

নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলার শিল্পনগরী নওয়াপাড়ার রাজঘাট এলাকায় শ্রমিক ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নির্মিত সরকারি শিল্প ক্লিনিকটি এখন পরিত্যক্ত ও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। একসময় চিকিৎসাসেবায় ব্যস্ত থাকা প্রতিষ্ঠানটির কার্যক্রম বহু বছর আগে বন্ধ হয়ে গেছে। বর্তমানে ভবনগুলো অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হতে বসেছে, আর ক্লিনিকের সামনের বিস্তীর্ণ এলাকা পরিণত হয়েছে ময়লা-আবর্জনার ভাগাড়ে।
তবে দীর্ঘদিনের এই স্থবিরতা কাটিয়ে স্থাপনাটিকে নতুনভাবে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। পরিকল্পনা অনুযায়ী এখানে আধুনিক ট্রমা সেন্টার, বিভাগীয় ট্রেনিং সেন্টার এবং বিভাগীয় রেস্ট হাউজ নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নওয়াপাড়া শিল্পাঞ্চলের শ্রমিকসহ আশপাশের মানুষের জরুরি চিকিৎসাসেবার সুযোগ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
১০ শয্যার ক্লিনিক থেকে পরিত্যক্ত স্থাপনা

স্থানীয় সূত্র ও স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নওয়াপাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নব্বইয়ের দশকে গণপূর্ত বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে যশোর-খুলনা মহাসড়কের পাশে রাজঘাট এলাকায় শিল্প ক্লিনিকটি নির্মাণ করা হয়। প্রায় ২০ লাখ টাকার বেশি ব্যয়ে ২ দশমিক ৬১ একর জমির ওপর গড়ে ওঠা এ ক্লিনিকে ছিল পাঁচটি ভবন ও ১০টি শয্যা।
প্রতিষ্ঠার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে ক্লিনিকটি স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে হস্তান্তর করা হয়। চিকিৎসাসেবা চালুর সময় এখানে ২০টি পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু পর্যাপ্ত জনবল ও কার্যকর ব্যবস্থাপনার অভাবে প্রতিষ্ঠানটি কখনোই পূর্ণ সক্ষমতায় পরিচালিত হতে পারেনি। ধীরে ধীরে সেবার পরিধি সংকুচিত হয়ে একপর্যায়ে পুরো কার্যক্রম বন্ধ হয়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ক্লিনিকটিতে একাধিকবার চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। নিরাপত্তাহীনতা বাড়তে থাকায় চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় ভবনের দরজা-জানালা, গ্রিলসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে। বর্তমানে ভবনের চারপাশ ঝোপঝাড়ে ছেয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, পরিত্যক্ত ভবনগুলোতে নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ডও সংঘটিত হচ্ছে।
সরকারি স্বাস্থ্যকেন্দ্রের সামনেই ময়লার স্তূপ
শুধু পরিত্যক্ত ভবনই নয়, ক্লিনিকের সামনের খোলা জানওয়াপাড়ার রাজঘাট শিল্প ক্লিনিক এখন ময়লার ভাগাড়য়গাও এখন বড় ধরনের পরিবেশগত সমস্যার উৎস। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নওয়াপাড়া পৌরসভার বিভিন্ন এলাকার বর্জ্য এখানে ফেলা হচ্ছে। ফলে সরকারি স্বাস্থ্যকেন্দ্রের সামনের জায়গা ময়লা-আবর্জনার বিশাল স্তূপে পরিণত হয়েছে।
এতে দুর্গন্ধ, পরিবেশদূষণ এবং জনস্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। পাশাপাশি সড়ক ব্যবহারকারী ও আশপাশের বাসিন্দাদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব বলেন, “শিল্প ক্লিনিকের সামনে নওয়াপাড়া পৌরসভা ময়লা-আবর্জনার স্তূপ করে রেখেছে। ময়লা অপসারণের জন্য আমরা ইতোমধ্যে পৌরসভাকে কয়েকবার চিঠি দিয়েছি।”
স্বাস্থ্য বিভাগের দাবি, শিল্প ক্লিনিকের জমি ও স্থাপনার মালিকানা এখনো সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং নিয়মিত খাজনাও পরিশোধ করা হচ্ছে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ডা. আলীমুর রাজীব বলেন, “আমরা নিয়মিত জায়গাটি পরিদর্শন করি এবং সরকারি খাজনা নিয়মিত পরিশোধ করা হচ্ছে। সেখানে একটি আধুনিক ট্রমা সেন্টার, বিভাগীয় ট্রেনিং সেন্টার ও বিভাগীয় রেস্ট হাউজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে।”
এ বিষয়ে নওয়াপাড়া পৌরসভার প্রশাসক ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়লা অপসারণের বিষয়ে চিঠি পেয়েছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা
দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শিল্প ক্লিনিকটি দ্রুত সংস্কার ও পুনর্ব্যবহারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, ময়লার স্তূপ অপসারণ করে পরিকল্পিতভাবে ট্রমা সেন্টার ও অন্যান্য স্বাস্থ্যসেবা অবকাঠামো গড়ে তোলা গেলে নওয়াপাড়া শিল্পাঞ্চলের হাজারো শ্রমিক এবং আশপাশের এলাকার মানুষের চিকিৎসাসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।