যশোর থেকে চুরি যাওয়া ৩০ বালতি লুব্রিকেন্ট বাগেরহাটে উদ্ধার : শিক্ষক আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের মুড়লি এলাকার খাদিজা এন্টারপ্রাইজ থেকে চুরি যাওয়া লুব্রিকেন্টের মধ্যে আরও ৩০ বালতি উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় জিএম মোদাচ্ছের রহমান নামে একজন মাদ্রাসাশিক্ষককে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বাগেরহাট সদর উপজেলার বাসাবাটি এলাকায় অভিযান চালিয়ে চোরাই লুব্রিকেন্টসহ তাকে আটক করা হয়।
আটক জিএম মোদাচ্ছের খুলনার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা দক্ষিণপাড়া এলাকার মৃত আব্দুর রহিম গাজীর ছেলে। শুক্রবার তাকে যশোরের আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিবি পুলিশের এসআই শামীম হোসেন জানান, গত ৩ আগস্ট রাতে মুড়লি এলাকার খাদিজা এন্টারপ্রাইজ নামক একটি লুব্রিকেন্টের দোকানে চুরি হয়। দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে ভেতর থেকে প্রায় ৮ লাখ টাকার লুব্রিকেন্ট চুরি করে নিয়ে যায়। ঝিকরগাছায় খুনসহ অটো ইলেক্ট্রনিক্যাল ওয়ার্কশপে ডাকাতি এবং যশোরে সিকদার মটরস ও মেসার্স কর্নফুলি ট্রেডার্সে চুরির সাথে একই চক্র জড়িত।
ইতোমধ্যে এই চক্রের ৮ সদস্যসহ ১২ জনকে আটক এবং লুণ্ঠিত সাড়ে ১২ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে খাদিজা এন্টারপ্রাইজ থেকে চুরি যাওয়া প্রায় দুই লাখ টাকার লুব্রিকেন্ট রয়েছে। এরপর বাগেরহাটে অভিযান চালিয়ে আরও দুই লাখ টাকার ৩০ বালতি লুব্রিকেন্টসহ জিএম মোদাচ্ছের রহমান নামে এক ব্যক্তিকে তারা আটক করেন। তিনি জানান, জিএম মোদাচ্ছের রহমান বর্তমানে মোরেলগঞ্জ উপজেলার দোনা এলাকার জনৈক পঞ্চকরণ হাকীম মেম্বারের বাড়িতে ভাড়া থাকেন এবং স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। জিএম মোদাচ্ছের রহমান দীর্ঘদিন ধরে অপরাধী চক্রের কাছ থেকে চোরাই মালামাল ক্রয়ের সাথে জড়িত।
ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, ইতোমধ্যে আটক অপরাধী চক্রের ৪ সদস্য শাওন ইসলাম সোহাগ, মাহাতাব মৃধা, শামীম তালুকদার ও শহিদুল খানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি সাপেক্ষে দুই দিনের রিমান্ডে নেন। পরে রিমান্ডে জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল ক্রয় করে থাকেন জিএম মোদাচ্ছের রহমান। খাদিজা এন্টারপ্রাইজ থেকে লুণ্ঠিত বেশ কয়েক বালতি লুব্রিকেন্ট তার কাছে বিক্রি করেছেন। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাগেরহাটের বাসাবাটি এলাকায় অভিযান চালিয়ে জিএম মোদাচ্ছের রহমানকে আটক এবং ৩০ বালতি চোরাই লুব্রিকেন্ট উদ্ধার করা হয়।