ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

0
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বিজয়ী হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও অতিথিবৃন্দ।। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনা চার বিজয়ী হাফেজকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এক ভাবগম্ভীর ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁদের সংবর্ধিত করেন। এ সময় প্রধানমন্ত্রী জানান, দেশের সন্তানেরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো কিছু অর্জন করলে রাষ্ট্রের পক্ষ থেকে সেই অর্জনের সঠিক মূল্যায়ন ও স্বীকৃতি দেবে সরকার।

সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে বাংলাদেশের চার হাফেজ পুরস্কার অর্জন করেন। প্রতিযোগিতায় ১৫ পারা হিফজ, তাজবীদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জন করেন হাফেজ মোহাম্মদ জাকারিয়া। ৩০ পারা বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী। এ ছাড়া ১৫ পারা ও ৩০ পারা বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে হাফেজা রাবেতা বিনতে রমজান এবং হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হাফেজদের তিলাওয়াত শোনেন এবং তাঁদের হাতে উপহার হিসেবে বই তুলে দেন। কোরআন বিজয়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই অর্জন কেবল তাঁদের ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো বাংলাদেশের সব মানুষের অর্জন। মেধাবীদের উৎসাহিত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে বিজয়ী হাফেজদের মাদ্রাসার শিক্ষকেরা তাঁদের বিভিন্ন প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সমস্যার কথা তুলে ধরলে প্রধানমন্ত্রী তা সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন। একই সাথে ভবিষ্যতে যেকোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী সব ধরনের সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, প্রতিমন্ত্রী শামীম কায়সার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ বিজয়ী হাফেজদের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।