আইসিসিবিতে তৃতীয় সপ্তাহের ‘সুপার সেল কার বাজার’ শুক্রবার

0

স্টাফ রিপোর্টার: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) প্রাঙ্গণে শুক্রবার অনুষ্ঠিত হবে ‘সুপার সেল কার বাজার’-এর তৃতীয় সপ্তাহের আয়োজন। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ আয়োজনে নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ির পাশাপাশি মোটরসাইকেল এবং বিভিন্ন ধরনের ইউটিলিটি ভেহিকেল কেনাবেচার সুযোগ থাকবে।

রাজধানীতে গাড়ি ও মোটরসাইকেল কেনাবেচার জন্য একটি নিয়মিত ও আধুনিক প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে গত ৪ সেপ্টেম্বর ‘সুপার সেল কার বাজার’ শুরু হয়। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, এখন থেকে প্রতি শুক্রবার আইসিসিবিতে এ বাজার বসবে।

আয়োজকরা জানান, এক ছাদের নিচে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন প্রদর্শনের ফলে ক্রেতারা নিজেদের প্রয়োজন ও বাজেট অনুযায়ী গাড়ি বা মোটরসাইকেল বেছে নেওয়ার পাশাপাশি বিভিন্ন মডেলের তুলনামূলক তথ্যও জানতে পারবেন। একই সঙ্গে ব্যক্তিমালিকানাধীন ব্যবহৃত গাড়ি ও মোটরসাইকেল বিক্রির সুযোগও রাখা হয়েছে।

তাদের মতে, দেশের অটোমোবাইল বাজারে ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি নিয়মিত মার্কেটপ্লেসের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। সেই চাহিদা বিবেচনায় ‘সুপার সেল কার বাজার’ আয়োজন করা হচ্ছে।

এ আয়োজনে বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান এবং অটোমোবাইল খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পাশাপাশি নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেল কেনাবেচার জন্য ব্যক্তি মালিকদেরও অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।

উদ্যোক্তাদের আশা, নিয়মিত এ আয়োজন ক্রেতাদের জন্য বিভিন্ন ধরনের যানবাহন সম্পর্কে তথ্য সংগ্রহ ও তুলনা করার সুযোগ তৈরি করবে। একই সঙ্গে বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ব্যবসায়িক সুযোগ বাড়াতে পারবেন।

‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ। আর ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)।