স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক

0
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার স্ত্রীর দেশ-বিদেশের ব্যাংক হিসাব, সম্পদ এবং পর্তুগাল, দুবাই ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে বিএফআইইউর কাছে নথি চেয়েছে দুদক।। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশা আক্তার পান্নার দেশে-বিদেশে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, ব্যাংক হিসাব ও অর্থপাচার সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের স্বাক্ষরিত একটি চিঠি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে পাঠানো হয়েছে।

দুদকের নথিতে উল্লেখ করা হয়েছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, কোম্পানি গঠন, বিদেশি নাগরিকত্ব গ্রহণ, ঘুষ, টেন্ডার অনিয়ম ও অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগের অনুসন্ধান চলছে। বিএফআইইউকে পাঠানো চিঠিতে আসিফ মাহমুদ, তার স্ত্রী ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব, সঞ্চয়ী ও চলতি হিসাব, ডেবিট-ক্রেডিট কার্ড, এফডিআর, ডিপিএস, ঋণ ও লকারসহ সব ধরনের আর্থিক লেনদেনের রেকর্ড সরবরাহ করার অনুরোধ জানানো হয়েছে।

এই অনুসন্ধানে বিদেশে বিনিয়োগ ও ব্যাংক হিসাবের বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে দুদক। চিঠিতে পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি ক্রয়, অর্থপাচার এবং শেল কোম্পানি গঠনের অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট দেশগুলোর বিএফআইইউ-সদৃশ সংস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে নিয়োগ, পদোন্নতি ও বদলিতে অনিয়মের অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান শুরু করে দুদক। পরবর্তীতে গত ১৩ সেপ্টেম্বর তার বিরুদ্ধে সিটি করপোরেশনে নিয়োগ, ডিসি পদায়ন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্প, টেন্ডার ও বিপুল অর্থপাচার সংক্রান্ত নতুন অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দুদক স্পষ্ট করেছে, বিদেশে অর্থপাচার ও সম্পদের বিষয়ে উত্থাপিত দাবিগুলো আপাতত অনুসন্ধানের মাধ্যমে সত্যতা যাচাই করা হচ্ছে।